খেলার মাঠ নেই, মাদকাসক্তের সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়েছে উত্তরখান ইউনিয়ন। এই ইউনিয়নের ১, ২ ও ৩ এই তিনটি ওয়ার্ডে কোনো খেলার মাঠ নেই। হাতের নাগালেই মিলছে মাদক। কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ক্রমাগত বাড়ছে মাদকাসক্তি, পারিবারিক কলহ, বিবাহবিচ্ছেদ, ইভ টিজিংয়ের ঘটনা। উপরন্তু বিশুদ্ধ পানির সংকট, শাখা সড়কগুলোর বেহাল অবস্থা, বর্ষাকালে জলাবদ্ধতা, পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকাসহ নানা ধরনের সামাজিক সমস্যা তো আছেই। 

মাঠ নেই

উত্তরখান ইউনিয়ন পরিষদের, উত্তরখান, মাজারপাড়া, মউশার, বাবুর্চি বাড়ি, চামুরখান, দোবাদিয়া, ওজাপাড়া, আটিপাড়া, মাস্টারপাড়া, রাজাবাড়ি, খ্রিষ্টানপাড়া প্রভৃতি এলাকা নিয়ে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড।

এলাকায় সরেজমিনে দেখা যায়, ওই তিনটি ওয়ার্ডে খেলার কোনো মাঠ নেই। এলাকার শিশু-কিশোর ও যুবকদের বাড়ির আশপাশে যেখানে একটু খালি জায়গা পাওয়া যায়, সেখানেই খেলাধুলা করতে হয়। মাস্টারপাড়া এলাকায় একটি খালি জমিতে নতুন ঘর নির্মাণের জন্য বালু ফেলা হয়েছে। সেখানে ব্যাডমিন্টন খেলছিল পাঁচ-সাত বছর বয়সী ইমন, রাসেল, সামিসহ কয়েকজন শিশু। এখানে বাড়ি তৈরি হলে তারা কোথায় খেলবে, জিজ্ঞাসা করলে বলে, ‘আবার যেখানে খালি জায়গা পামু, সেখানেই।’

হাত বাড়ালেই মাদক

এলাকার একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, খেলার মাঠ না থাকায় খেলাধুলার কোনো সুযোগ নেই। এ কারণে বিকেল হলেই উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন স্থানে বসে আড্ডা জমায়। সেখান থেকেই মাদকাসক্তির সূত্রপাত। মাদক ব্যবসায়ীরাও এসব আড্ডার স্থানগুলোকেই বেছে নিয়েছে ব্যবসার জন্য। এ ছাড়া পাড়ার মুদির দোকান, ফার্মেসি, এমনকি চায়ের দোকানেও মাদকদ্রব্য পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ, উত্তরখানে মাদক খুবই সহজলভ্য। মাদক প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেই।

সড়ক বেহাল

দোবাদিয়া এলাকার অধিকাংশ শাখাসড়ক বহুদিন থেকে সংস্কার করা হয়নি। বর্ষাকালে এসব রাস্তায় হাঁটারও উপায় থাকে না। মূল সড়কগুলোর সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শাখাসড়কে দিনের পর দিন পানি জমে থাকে। তা ছাড়া ঘরবাড়ি ও খাবারের দোকানে ব্যবহৃত ময়লা-আবর্জনাযুক্ত পানিও প্রতিনিয়ত এসে পড়ছে মূল সড়কে।

দোবাদিয়ার বাসিন্দা হাসমত মিয়া বলেন, নতুন সড়কের সঙ্গে নালা করা হচ্ছে। কিন্তু পুরোনো সড়কে পানিনিষ্কাশনের জন্য কোনো নালা তৈরি করা হয়নি। এখন তো শুকনা, তবে ভরা মৌসুমে এলাকার দুর্ভোগ চরমে পৌঁছায়। বিশুদ্ধ খাওয়ার পানিরও সংকট রয়েছে।

স্বামী পরিত্যক্ত নারীর সংখ্যাও বাড়ছে

পুরো উত্তরখান ইউনিয়নেই স্বামী পরিত্যক্ত নারীর সংখ্যা বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের প্রধান জীবিকা ছিল মাছ ধরা। এখানে বছরের ছয় মাস অধিকাংশ জায়গায় পানি থাকে। কিন্তু ইদানীং এসব জমি ভরাট করে ঘরবাড়ি ও শিল্পকারখানা গড়ে তোলা হচ্ছে। ফলে জমি কমে যাচ্ছে। আবার কারখানার বর্জ্যে পানি দূষিত হওয়ায় মাছও কমে গেছে। ফলে বছরের ছয় মাস বেকার থাকতে হয়। এ সময় হাতে কোনো কাজ না থাকে না, পাশাপাশি মাদকাসক্তি ও যৌতুকের কারণে মূলত  সংসার ভাঙাছে বলে এলাকাবাসী জানান। নাম প্রকাশে অনিচ্ছুক আটিপাড়ার এক স্বামী পরিত্যক্ত নারী বলেন, তাঁর স্বামী মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। প্রায়ই তাঁর কাছে টাকা চাইতেন। স্বামীকে টাকা দিতে না পারায় তিন মাস আগে তাঁকে ছেড়ে চলে গেছেন। 

শিউলি আক্তার
শিউলি আক্তার

সরকারি জমি মাঠের জন্য বরাদ্দ দেওয়া হোক
উত্তরখান ইউনিয়নে ২০১১ সালে অনুষ্ঠিত সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লিখিত তিনটি ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হিসেবে জয়লাভ করেন শিউলি আক্তার। এলাকাটি সম্প্রতি সিটি করপোরেশনের আওতায় এলেও নতুন করে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় তিনি দায়িত্বে আছেন এখনো।
এলাকার সমস্যা নিয়ে শিউলি আক্তার প্রথম আলোকে বলেন, এখানে অনেক সরকারি খাসজমি আছে। খেলার মাঠের জন্য একখণ্ড জমি বরাদ্দ দেওয়া হোক।
শাখাসড়ক নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থা নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে মোট ১২টি সড়ক নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। অনেক স্থানে রাস্তা সংস্কারের কাজ চলছে। আগে তৈরি সড়কগুলোতে পানিনিষ্কাশনব্যবস্থা ছিল না। নতুন করে তৈরি রাস্তাগুলো ড্রেনেজ ব্যবস্থাসহ নির্মাণ করা হচ্ছে।
মাদকাসক্তি, নারী নির্যাতন, স্বামীর চলে যাওয়াসহ সামাজিক সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রায়ই এলাকায় মা-বোনদের নিয়ে বসি। তাদের সমস্যার কথা শুনে পরামর্শ দিই। ঝগড়া-বিবাদ হলে স্বামী-স্ত্রী দুজনকে একসঙ্গে বোঝাই। মূল সমস্যা দারিদ্র্য। নারীদের জন্য ক্ষুদ্র বা কুটির শিল্পের যদি ব্যবস্থা করা যেত, তাহলে এই সমস্যা আরও কমানো যেত। আর মাদকের সহজলভ্যতা বন্ধে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’