
‘জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব সম্পত্তি। বৈধ অনুমতি ব্যতিরেকে ব্যবহার নিষিদ্ধ’। লালমাটিয়া নিউ কলোনি ক্রীড়া চক্র মাঠে এই সাইনবোর্ড লাগানো। এতে মাঠ থেকে খেলাধুলা উঠে গেছে। তবে বাণিজ্য জেঁকে বসেছে সেখানে। গৃহায়ণ কর্তৃপক্ষের ‘অনুমতি’ আর ‘মৌন সম্মতি’তে মাঠে বসেছে সবজি আর গাড়ির হাট। তারপর নির্মাণশ্রমিকদের ডেরা এবং সর্বশেষ বস্ত্র মেলার নামে বাকি মাঠে টিনের তৈরি দোকান।
এলাকাবাসী বলছেন, সরকারদলীয় লোকজনের প্রত্যক্ষ মদদে পুরো মাঠ দখল হয়ে গেছে। একসময় এই মাঠে নিয়মিত খেলাধুলা করত কিশোর-তরুণেরা। সন্ধ্যায় মাঠের চারপাশ ধরে হাঁটতেন সেখানকার অধিবাসীরা। এখন এসব স্মৃতি হয়ে যাচ্ছে।
আসাদগেট আড়ংয়ের পাশের রাস্তা ধরে লালমাটিয়ার দিকে একটু এগোলেই হাতের ডানে এই মাঠ। মাঠটি পূর্ব-পশ্চিমে লম্বা, চারপাশে লোহার বেষ্টনী। বেষ্টনীর ভেতর মাঠে ছড়ানো-ছিটানো চা-বিস্কুট, চটপটি-ফুচকার ১০-১২টি দোকান। দোকানগুলোর কারণে মাঠের চারপাশ ধরে হাঁটার যে জায়গা ছিল, সেটি নষ্ট হয়ে গেছে।
মাঠের পূর্ব দিকে একটি অংশ গাড়ি কেনাবেচার হাট হিসেবে ব্যবহার করার জন্য ফাঁকা রাখা হয়েছে। তবে মাঠের পূর্ব দিকের ফটক থেকে সারিবদ্ধভাবে ইট বিছিয়ে বানানো হয়েছে প্রশস্ত একটি রাস্তা। রাস্তা ধরে বসানো হয়েছে বৈদ্যুতিক বাতির খুঁটি। রাস্তাটি মাঠের প্রায় মাঝামাঝি টিন দিয়ে ঘেরা কিছু খুপরিঘরের কাছে গিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খুপরিঘরগুলো মেরামত করছিলেন কয়েকজন শ্রমিক। তাঁরা জানালেন, আগামী মাস থেকে মাঠে ঢাকা জামদানি ও তাঁতবস্ত্র মেলা হবে। মেলার জন্য মাঠের মাঝখানের অংশটি টিন দিয়ে ঘিরে স্টল (দোকান) বানানো হচ্ছে। মেলার জন্য দখল হওয়া জায়গার পর (মাঠের পশ্চিম দিকে) একটি অংশে তৈরি করা হয়েছে কিছু অস্থায়ী টিনের ঘর। এসব ঘরে পরিবারসহ বাস করেন নির্মাণশ্রমিকেরা। ঘরগুলোর সামনে ফেলে রাখা হয়েছে রড, ইটের খোয়াসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। মাঠের একেবারে পশ্চিম প্রান্তটি তুলনামূলকভাবে ফাঁকা। তবে এই অংশেও খেলার সুযোগ নেই। কারণ, এখানে সপ্তাহে তিন দিন বসে কাঁচা সবজির বাজার।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাঠটি দখল হয়ে যাওয়া নিয়ে স্থানীয় ব্যক্তিদের অনেক অভিযোগ রয়েছে। মাঠটি দখলমুক্ত করার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু এই মাঠ থেকে যাঁরা আর্থিকভাবে লাভবান হন, তাঁদের কারণে মাঠটি দখলমুক্ত করা যায়নি।
মাঠের ভেতরের দোকানিরা বলেছেন, সরকারদলীয় স্থানীয় নেতাদের সম্মতি নিয়েই তাঁরা দোকান বসিয়েছেন। তবে ওই নেতাদের সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হননি তাঁরা। কথাবার্তায় জানা গেল, ওই নেতারা এখানকার দোকানগুলো থেকে প্রতি সপ্তাহে চাঁদা নেন।
এই টাকার ভাগ কারা পান, তা জানতে এলাকার সাবেক ও বর্তমান সরকারদলীয় একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা একজন অন্যজনের ওপর দায় চাপিয়েছেন। তবে লালমাটিয়া নিউ কলোনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ বারী বলেন, টাকার জন্য দোকানিদের বসতে দেওয়া হয় বিষয়টি এমন নয়। মানবিক কারণে তাঁদের বসতে দেওয়া হয়। আর তাঁদের কারণে মাঠে যে নোংরা-আবর্জনার সৃষ্টি হয়, তা পরিষ্কারের জন্য তাঁরা নামমাত্র কিছু টাকা দেন। প্রতি সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারে কেনাবেচা চলে বলে তিনি জানান। আর গাড়ির মেলা বসে প্রতি শুক্রবার।
স্থানীয় লোকজন বলছেন, সবজির বাজার, নির্মাণশ্রমিকদের বাসা ও গাড়ির মেলার পরও মাঠের মাঝখানে ‘দম ফেলা’র মতো কিছু জায়গা ছিল। কিন্তু সম্প্রতি তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলার নামে সে অংশটিও টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নারী উদ্যোক্তাদের উৎপাদিত জামদানি, তাঁতবস্ত্র ও হস্তশিল্প নিয়ে এই মাঠে মেলার জন্য কল্যাণপুরের মেসার্স চৌধুরী ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান আবেদন করে। চার শর্তে ১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয় তাদের। অনুমতিপত্রে স্বাক্ষর করেছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা। জানতে চাইলে আলমগীর হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক, কমিশনার হাবিবুর রহমানের সুপারিশসহ একটি আবেদন করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাঠটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। তিনি শুধু বাস্তবায়ন করেছেন।
নারী উদ্যোক্তাদের নিয়ে মেলা আয়োজনের কথা বলা হলেও যে কেউ নির্দিষ্ট টাকার বিনিময়ে স্টল বরাদ্দ পাচ্ছেন বলে মেলায় স্টল পাওয়া একাধিক ব্যবসায়ী জানিয়েছেন। তাঁরা বলছেন, এই মেলায় তাঁতবস্ত্র ছাড়াও সব পণ্য পাওয়া যাবে। স্টল পেতে চৌধুরী ঝন্টু নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন একজন ব্যবসায়ী। মুঠোফোনে ঝন্টুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, প্রতি স্টলের ভাড়া ৫০ হাজার টাকা। আগস্ট মাস থেকে মেলা শুরু হবে।
জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, লালমাটিয়া এলাকার মানুষের নিশ্বাস ফেলার একমাত্র জায়গা এই মাঠ। নারী উদ্যোক্তাদের জন্য মাঠটি ৩০ জুলাই পর্যন্ত ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সে সময় শেষ। আর সময় বাড়ানোর সুযোগ নেই।
মাঠের নাম লালমাটিয়া নিউ কলোনি ক্রীড়া চক্র মাঠ হলেও খেলাধুলার কোনো ব্যবস্থা না থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই কলোনিতে ভবন নির্মাণকাজ শেষ হবে। এরপর মাঠের উন্নয়নকাজ শুরু করা হবে। আগামী বছর আর এই অবস্থা থাকবে না। খেলার মাঠে বাজার ও দোকান বসে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, দোকান ও বাজার একাধিকবার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তারা আবার বসে যায়। মাঠে নির্মাণশ্রমিকদের ঘর তৈরি করা সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, তাঁরা কলোনির ভবনের নির্মাণশ্রমিক। জায়গা নেই তাই তাঁদের মাঠে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং মাঠে নির্মাণসামগ্রী রাখা হয়েছে।