খেলার মাঠে মহিষের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসেছে পশুর হাট। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো
ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসেছে পশুর হাট। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো

ঝিনাইদহ শৈলকুপার দুধস্বর ইউনিয়নের ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসেছে পশুর হাট। এ কারণে শিক্ষার্থীরা দুপুর থেকে বিকেল পর্যন্ত মাঠে নামতে পারছে না। হাটের কারণে পাঠদানও ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের সঙ্গেই উপজেলার ভাটই বাজার। আবার বাজারের সঙ্গে আছে ১২৫ বছরের এই প্রাথমিক বিদ্যালয়টি। এক একর ৩৮ শতক জমির ওপর নির্মিত বিদ্যালয়টি পাকা আর সেমিপাকা মিলিয়ে তিনটি ভবন আছে। শ্রেণিকক্ষ রয়েছে সাতটি। আর দাপ্তরিক কক্ষ আছে একটি।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্কুলের শ্রেণিকক্ষে ক্লাস চলছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। স্কুলের মাঠে ছোটাছুটি করছে মহিষের দল। স্কুলের সামনের অংশের পিলারের সঙ্গে বাঁধা আছে মহিষ। পেছনেও একই অবস্থা। বারান্দার এক প্রান্ত দখল করে চেয়ার-টেবিল পেতে বসে আছেন ইজারাদারের লোকজন। হাটে আসা লোকজন দখল করে নিয়েছে গোটা বারান্দা। শিক্ষার্থীরা বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। পানি খেতে বা শৌচাগারে যেতে মাঝেমধ্যে দু-একজন শিশু বারান্দা থেকে নামলেও ভয়ে ভয়ে যাচ্ছে। অনেক সময় মহিষের তাড়া খেয়ে ছুটে পালাচ্ছে তারা।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, তিনি এক বছর হলো এ বিদ্যালয়ে এসেছেন। এখানে এসেই দেখেন প্রতি রোববার বিদ্যালয়ের মাঠে মহিষের হাট বসে। স্থানীয় লোকজন এ হাট বসান।
শহিদুল ইসলাম আরও জানান, এ হাটের কারণে ইতিপূর্বে রোববার বিদ্যালয় সকালে চলত। কিন্তু সেই নিয়ম বন্ধ হয়ে যাওয়ায় এখন তাঁদের সমস্যা হচ্ছে।
হাটের ইজারাদার জাহিদুর রহমান জানান, স্কুলমাঠে হাট বসে এটা ঠিক, তবে সেটা বিকেলে বসে—যখন স্কুল প্রায় ছুটি হয়ে যায়। তবে বারান্দায় মহিষ বাঁধা, তাঁর লোকজন বসা—এটা ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।
দুধস্বর ইউপির চেয়ারম্যান সাহেব আলী জোয়ার্দ্দার জানান, হাটটি দীর্ঘদিনের। বিদ্যালয়টি সকালে চালালে ভালো হয়।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সরকার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, তাঁরা বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।