খেলার মাঠে মার্কেট নির্মাণের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিপি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে বিপণিবিতান (মার্কেট) নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি। ইতিমধ্যে মাঠে নির্মাণসামগ্রীও আনা হয়েছে।
এলাকাবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠে বিপণিবিতান নির্মাণের প্রস্তুতির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা পৌর কর্তৃপক্ষের কাছে বিপণিবিতান নির্মাণের অনুমতি না দেওয়ার লিখিত আবেদন করা হয়েছে।
এ বিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘এলাকাবাসীর দেওয়া অভিযোগপত্র পেয়েছি। খেলার মাঠ নষ্ট করে কোনো মার্কেট নির্মাণের অনুমতি দেওয়া হবে না।’
অভিযোগ সূত্রে জানা গেছে, সান্তাহার বিপি উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে রয়েছে শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলার পাশাপাশি ওই মাঠে বিভিন্ন জাতীয় দিবসের খেলাধুলা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়ে থাকে। পাশাপাশি বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একই মাঠে খেলাধুলা করে। সম্প্রতি বিদ্যালয়ের উত্তর পাশে নির্মাণ করা হয়েছে বিশাল মার্কেট। ওই মার্কেট নির্মাণের পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কছিম উদ্দীন আহম্মেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালুকদার আহসানউল্লাহর সঙ্গে যোগসাজশ করে খেলার মাঠে আরেকটি মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেন। মার্কেট নির্মাণের জন্য মাঠে নির্মাণসামগ্রী আনা হয়েছে।
প্রধান শিক্ষক তালুকদার আহসানউল্লাহ বলেন, মার্কেট নির্মাণের সিদ্ধান্ত সভাপতি নিজেই নিয়েছেন এবং তাঁকে নির্মাণসামগ্রী কেনার জন্য বলেছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভা আহ্বান না করে কীভাবে মার্কেট নির্মাণ করা হচ্ছে—জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, এর উত্তর সভাপতি দেবেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কছিম উদ্দীন আহম্মেদ বলেন, এলাকাবাসী ওই অভিযোগপত্র তাঁকেও দিয়েছে। তিনি দাবি করেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মার্কেট নির্মাণ করা হচ্ছে। মাঠের জায়গা যাতে বেদখল না হয় সে জন্যই মার্কেট তৈরি করা হচ্ছে।
ইতিমধ্যে মার্কেট তৈরির প্রস্তুতির খবর জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। শহরের রথবাড়ি এলাকার বাসিন্দা ইকবাল হোসেন ও মেরাজ হোসেন বলেন, বিদ্যালয়ের আয়ের কথা বলে কিছুদিন আগে একটি মার্কেট নির্মাণ করা হয়। ওই মার্কেটের দোকানের পজিশন হস্তান্তর করার পর সভাপতি ও প্রধান শিক্ষক মিলে খেলার মাঠে আরেকটি মার্কেট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাঁরা বলেন, বিদ্যালয়ের আয়ের জন্য পুকুর ও একটি বিশাল মার্কেট থাকায় আবারও খেলার মাঠ সংকুচিত করে মার্কেট নির্মাণ সম্পূর্ণ অযৌক্তিক।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টি জানেন না বলে জানান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আনসার আলী, খায়রুল ইসলাম, আফজাল হোসেন, প্রদীপ ভৌমিক ও আতোয়ার হোসেন বলেন, মাঠে মার্কেট নির্মাণের বিষয়ে কমিটির কোনো সভা আহ্বান করা হয়নি এবং তাদের এ বিষয়ে জানানো হয়নি।