খুলনায় তৃতীয় বিভাগ ফুটবল লিগের সুপার ফোরের গতকাল সোমবারের খেলা শেষে রংধনু ফুটবল একাডেমীর কোচ বাপ্পী ও খেলোয়াড় সাদ্দামকে পিটিয়েছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এ সময় মাঠে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ আগস্ট খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সের সদস্যরা মৌসুমী একাদশের খেলার সময় রেফারি রাকিব আহমেদ লালুর ওপর হামলা চালান। গত এপ্রিলে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে এসবি আলী ফুটবল একাডেমীর বিপক্ষে খেলায় মেট্রোপলিটন পুলিশ ক্লাবের সদস্যরা রেফারি আবদুর রহমানকে পিটিয়ে জখম করেন।
খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে জানা গেছে, তৃতীয় বিভাগ লিগে গতকাল দুপুরে রংধনু ফুটবল একাডেমীর সঙ্গে মেট্রোপলিটন পুলিশ ক্লাবের খেলা ছিল। শেষ পর্যায়ে পেনাল্টিতে ০-১ গোলে জিতে যায় পুলিশ ক্লাব। খেলা শেষে মাঠ থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
রংধনু ক্লাবের ৮ নম্বর জার্সি পরা খেলোয়াড় সাদ্দাম অভিযোগ করেন, খেলা শেষে মাঠ থেকে বের হওয়ার সময় পুলিশ ক্লাবের ৪ নম্বর জার্সি পরা সদস্য তৌফিক তাঁকে মারধর করেন। এ সময় কোচ বাপ্পী ঠেকাতে এগিয়ে এলে মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁদের দুজনকে পিটিয়ে জখম করেন।
মাঠে উপস্থিত কেএমপির উপকমিশনার মো. আবদুল মান্নান বলেন, ‘সিনিয়র অফিসারদের সামনে এ ধরনের আচরণ করায় দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোস্তাকুজ্জামন বলেন, ‘আমরা পুলিশের কাছে জিম্মি হয়ে গেছি। আগের একটি খেলায় রেফারি লালুর একটি সিদ্ধান্ত অমান্য করে তাঁকে আক্রমণ করেন। তাঁদের মতো খেলা না হলেই সমস্যা। প্রশাসনের লোক, কিছু বলার নেই।’