খোঁজ পাওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিল প্রতারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ আইনজীবী সোহেল রানার (৩৫) খোঁজ গতকাল বুধবারও পাওয়া যায়নি। এদিকে তাঁকে পাওয়ার কথা বলে স্বজনদের কাছ থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় ১৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। স্বজনদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে এই প্রতারণা করা হয়।
প্রতারক নিজেকে সাতক্ষীরার কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মশিউর বলে পরিচয় দিয়েছিল। তবে গতকাল যোগাযোগ করা হলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, ওই নামে এই থানায় কোনো এসআই বা এএসআই নেই।
ঢাকার জজকোর্টের আইনজীবী সোহেল রানা গত ১০ ফেব্রুয়ারি উত্তরা থেকে নিখোঁজ হন। তিনি সপরিবারে থাকেন আদাবর থানার শেখেরটেকে। তাঁর বড় ভাই মোস্তফা কামাল ঘটনার সময় সোহেলের সঙ্গে থাকা বন্ধুর বরাত দিয়ে বলেছেন, উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে ছাই রঙের একটি মাইক্রোবাসে তাঁদের জোর করে তুলেছিল ১০-১২ জন যুবক। দুজনকে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে মারধর করার পর বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তিনি পরে এ ঘটনা জানান।
এ ব্যাপারে ১৫ ফেব্রুয়ারি আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির তদন্ত করছেন আদাবর থানার এসআই মারুফ হাসান রাসেল। প্রতারণার বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় মশিউর রহমান পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে মোবাইলে ফোন করে সোহেলকে কুষ্টিয়ার দৌলতপুরে পাওয়ার কথা জানান। তিনি সোহেলের স্বজনদের সঙ্গে কথা বলার জন্য তাঁদের ফোন নম্বর চান। তিনি (এসআই মারুফ) ঢাকার বাইরে থাকায় সোহেলের শ্বশুরের নম্বর দেন। তবে তিনি শ্বশুরকে বিষয়টি জানান এবং ওই ব্যক্তির সঙ্গে কথা বলে তাঁকে জানাতেও বলেন। কিন্তু সোহেলের শ্বশুর তাঁর সঙ্গে আর কথা না বলেই টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন। পরে বিষয়টি জেনে প্রতারকের ফোন নম্বর ও টাকা পাঠানোর নম্বরে ফোন দিয়ে সেগুলো বন্ধ পাওয়া যায়।
সোহেলের শ্বশুর আনোয়ারুল ইসলাম জানান, কলারোয়া থানার এসআই মশিউর রহমান পরিচয় দেওয়া ব্যক্তি ফোন করে সোহেলকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়ার কথা জানায়। বলে, সোহেলের শরীর থেকে রক্ত ঝরছে, তাঁকে অ্যাম্বুলেন্সে দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। ১০ হাজার টাকা পাঠান। বিকাশ করে ওই টাকা পাঠানোর কিছুক্ষণ পর ওই ব্যক্তি সোহেলকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার কথা বলে আরও সাত হাজার টাকা চায়। একই বিকাশ নম্বরে তা-ও পাঠানো হয়। এর আধা ঘণ্টা পর ওই ব্যক্তি বলে, ‘আপনার সঙ্গে ড্রামা ও প্রতারণা করা হয়েছে।’ এর পর থেকে ওই প্রতারকের মোবাইল নম্বর ও বিকাশ নম্বরটি বন্ধ রয়েছে।
সোহেল রানার নিখোঁজ হওয়া নিয়ে মঙ্গলবার প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়।