খোঁজে নেমেছেন পরিবারের সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এলাকায় দুই পর্যটক ও দুই পথপ্রদর্শকসহ অপহৃত চারজনের খোঁজে নেমেছেন তাঁদের পরিবারের সদস্যরা। দুই পর্যটকের পরিবারের পক্ষে দুজন এবং পথপ্রদর্শকদের পরিবারের পক্ষে ছয়জনের একটি দল গতকাল শুক্রবার সীমান্ত এলাকায় গেছে অপহৃত ব্যক্তিদের সঠিক অবস্থা ও অবস্থান জানার জন্য।
দুই পর্যটকের পরিবারের পক্ষ থেকে আরাফাত ইসলাম ও আবদুর রব নামের দুই ব্যক্তি অপহরণের বিষয়ে স্থানীয়ভাবে খোঁজ নেওয়ার জন্য রুমায় গেছেন। রুমায় যাওয়ার আগে তাঁরা বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন। এসপি তাঁদের বলেছেন, অপহরণ এলাকার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং এলাকাবাসীকে সম্পৃক্ত করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এসপির সঙ্গে সাক্ষাতের আগে আরাফাত ইসলাম ও আবদুর রব বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিকদের বলেন, গত বুধবার অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে অপহৃত পথপ্রদর্শক (গাইড) মাংসাই ম্রোর বড় ভাই পাসিং ম্রো কারবারি তাঁদের জানিয়েছেন। ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির বিষয়টিও পাসিং কারবারি তাঁদের বলেছেন। এরপর থেকে অপহৃত ব্যক্তিদের আর কোনো সংবাদ তাঁরা পাননি।
বড়থলি ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দুই পর্যটকের সঙ্গে অপহৃত পথপ্রদর্শক মাংসাই ম্রোর বড় ভাই পাসিং কারবারির নেতৃত্বে ছয়জনের একটি দল সীমান্তের¯দিকে গেছে। দলটি ফিরে এলে প্রকৃত সংবাদ পাওয়া যেতে পারে। দলে পাসিংপাড়ার তিনজন, সেপ্রুপাড়ার দুজন ও জারুলছড়ি পাড়ার একজন রয়েছেন।
৩ অক্টোবর বড়থলি ইউনিয়নের সেপ্রুপাড়া এলাকা থেকে দুই পর্যটক আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন এবং তাঁদের পথপ্রদর্শক মাংসাই ম্রো এবং মেন্দোইপাড়া থেকে আরেক দল পর্যটকের পথপ্রদর্শক লালরিং সাং বমকে সন্ত্রাসীরা অপহরণ করে। তখন থেকে তাঁদের অবস্থান সম্পর্কে খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: