খোঁড়া যুক্তিতে ৫০০ গাছ নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নকাজের অজুহাতে নাটোর পৌরসভা ঐতিহ্যবাহী জয়কালী দিঘির পাড়ের পাঁচ শতাধিক গাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই তিন দিনে পৌরসভা এসব গাছ কেটে ফেলে।
জানতে চাইলে পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন জানান, দিঘির পাড়ে প্রতিমা বিসর্জনের একটি ঘাট ও একটি শিশুপার্ক নির্মাণ করা হবে। এই প্রকল্পের জরিপকাজ শুরু হয়েছে। জরিপকারীদের পরামর্শে কিছু ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। এটা পৌরসভার দায়িত্বের মধ্যে পড়ে বলে দাবি করেছেন তিনি।
তবে জেলা প্রশাসকের অনুরোধে বর্তমানে বৃক্ষ নিধন বন্ধ আছে বলে জানা গেছে।
এলাকার অনেকে জানান, শহরের লালবাজার এলাকায় রানী ভবানীর রাজবাড়ির চারপাশে এই জয়কালী দিঘি। ১৯৯৯ সালে সরকার ৩০ বছরের জন্য দিঘিটি স্থানীয় মাছচাষি গোলাম নবীর কাছে ইজারা দেয়। তবে দিঘিটির চারদিকের পাড় ভরাট হয়ে যাওয়ায় আশপাশের লোকজন অসংখ্য ফলদ ও বনজ গাছগাছড়া লাগিয়ে ভোগদখল করছিলেন। হঠাৎ গত বৃহস্পতিবার সকালে পৌরসভার শ্রমিকেরা এসে এসব গাছ কাটতে শুরু করেন। পরে কাটা গাছপালা পৌরসভার গাড়িতে করে নিয়েও যাওয়া হয়। স্থানীয়দের হিসাবমতে, গত তিন দিনে দিঘির পূর্ব, পশ্চিম ও উত্তর পাড়ের কিছু অংশ থেকে পাঁচ শতাধিক গাছ কাটা হয়েছে। কিছু গাছ সম্পূর্ণ কাটা হয়েছে। বাকিগুলোর ডালপালা কেটে ফেলা হয়েছে। এতে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছে, তেমনি যাঁরা গাছগুলো লাগিয়েছেন, তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে। এলাকাবাসী নিষেধ করলেও শ্রমিকেরা গাছ কাটা বন্ধ রাখেননি। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে জেলা প্রশাসক পৌর মেয়রকে গাছ কাটা বন্ধ রাখতে বলেন। ফলে গতকাল রোববার সকালে গাছ কাটা বন্ধ হয়।
ওই দিঘিপাড়ের বাসিন্দা নিমাই তালুকদার বলেন, ‘জমি সরকারের হলেও আমরা অনেক কষ্ট করে আম, মেহগনি, জাম, বেল ও কড়ই গাছ লাগিয়ে বড় করেছি। গাছ ঠিক রেখেও এখানকার উন্নয়ন করা যায়।’
দিঘির বর্তমান ইজারাদার গোলাম নবী বলেন, ‘সরকার এই দিঘি অর্থের বিনিময়ে আমার কাছে ইজারা দিয়েছে। ৩০ বছর শেষ না হওয়া পর্যন্ত আমাকে না বলে এখানকার গাছ কেটে পৌর মেয়র অন্যায় করেছেন।’
এ ব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন আখতার জানান, প্রাথমিক তদন্তে গাছ কাটার ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইতিমধ্যে পৌর কর্তৃপক্ষকে গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও গাছ কাটা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইজারাদার ও প্রশাসনকে না জানিয়ে সরকারি জমিতে গাছ কাটার কোনো অধিকার পৌরসভার আছে কি না, জানতে চাইলে মেয়র শেখ এমদাদুল হক আল মামুন জানান, এখন তো কেবল জরিপ শুরু হয়েছে। তাই জানানো হয়নি। তবে জেলা প্রশাসকের অনুরোধে গাছ কাটা বন্ধ রাখা হয়েছে।
জেলা প্রশাসক মশিউর রহমান বলেন, গাছ কাটা বন্ধ করা হয়েছে। সরকারি জমিতে পৌর কর্তৃপক্ষ প্রতিমা বিসর্জনের ঘাট বা শিশুপার্ক নির্মাণ করতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, কোনো স্থাপনা করতে হলে অবশ্যই জমির মালিকের (সরকার) অনুমতি নিতে হবে।