খোকাসহ চারজনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর দিলকুশায় একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভবনটির নাম ‘সানমুন স্টার টাওয়ার’।
গতকাল মঙ্গলবার এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
২০১২ সালের ২৯ মার্চ একই অভিযোগে সাতজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেছিল দুদক। প্রায় আড়াই বছর তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় খোকাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। অভিযুক্ত অপর তিনজন হলেন ঢাকার সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-১০-এর তৎকালীন নির্বাহী প্রকৌশলী মনসুর আহমেদ, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (কেইস প্রজেক্ট) মো. মফিজুর রহমান ও ডিসিসির অঞ্চল-৮-এর উপসহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান চৌধুরী।
তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এঁরা হলেন ডিসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শেহাব উল্লাহ ও এম আর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান।