খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি দখলদার ও তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা গুঁড়িয়ে দিয়েছে ঘর। ভাঙা ঘরের দাওয়ায় শিশুসন্তানদের নিয়ে বসে আছেন কৃষক আবু ইউসুফের স্ত্রী। আর কদিন পর ঈদ। সন্তানদের নিয়ে কোথায় ঠাঁই নেবেন জানেন না এই গৃহবধূ। ছবিটি গতকাল দুপুরে মান্দারি গ্রাম থেকে তোলা l প্রথম আলো
ভূমি দখলদার ও তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা গুঁড়িয়ে দিয়েছে ঘর। ভাঙা ঘরের দাওয়ায় শিশুসন্তানদের নিয়ে বসে আছেন কৃষক আবু ইউসুফের স্ত্রী। আর কদিন পর ঈদ। সন্তানদের নিয়ে কোথায় ঠাঁই নেবেন জানেন না এই গৃহবধূ। ছবিটি গতকাল দুপুরে মান্দারি গ্রাম থেকে তোলা l প্রথম আলো

নোটিশ না দিয়েই কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় তিনটি পরিবারের বসতঘর, সাতটি পরিবারের দোকানপাট ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মান্দারি গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ওই তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। অনিশ্চিত হয়ে পড়েছে মান্দারি উদয়ন একাডেমির ৮৭ জন শিক্ষার্থীর পড়াশোনাও। এ ছাড়া উচ্ছেদের সময় জমির দাবিদার কমপক্ষে ২০টি পরিবারের ধানিজমিও দখলে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
মান্দারি গ্রামের ভুক্তভোগী নূর মোহাম্মদ, নূরুল ইসলাম, আবদুল মালেক ও নূরুল আমিন বলেন, ১৯৮১ সালে মান্দারি গ্রামের আলী হোসেন ভুয়া দলিল বানিয়ে মান্দারি, রায়পুর ও জয়কামতা গ্রামের পাঁচ একর ৩০ শতক জায়গা তাঁর দাবি করে আদালতে মামলা করেন। তিনি তাঁর পক্ষে রায়ও পান। ওই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাই। সেখানে ওই রায় বাতিল হয়। পরে কুমিল্লার একটি আদালত থেকে আলী হোসেন জমির দখল শর্ত বুঝে নেওয়ার জন্য আরও একটি মামলা করেন। ওই মামলার রায় তাঁর পক্ষে আসে। পরে গত মঙ্গলবার কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খানের নেতৃত্বে পুলিশের একটি দল আলী হোসেনের লোকজনের সহযোগিতায় মান্দারি গ্রামের ওই দোকানপাট, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে ফেলে। পরে পুলিশের উপস্থিতিতে আলী হোসেনের লোকজন রায়পুর ও জায়কামতা গ্রামের কমপক্ষে ২০টি পরিবারের ধানিজমিও দখলে নেয়।
সরেজমিনে দেখা যায়, মান্দারি গ্রামের জান্নাতুল ফেরদৌস (২৮) চার বছরের ছেলে আবদুল্লাহ ও আড়াই বছরের ছেলে ওবায়দুলকে নিয়ে খোলা আকাশের নিচে বসে আছেন। তাঁর সঙ্গে রয়েছেন শ্বশুর নূরুল ইসলাম। উচ্ছেদের সময় তাঁদের চারটি বসতঘর ভেঙে ফেলা হয়। জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এখন আমি কোথায় যাব। সারা রাত ছেলে দুটিকে নিয়ে খোলা আকাশের নিচে ছিলাম।’
একই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মালেক জানান, ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর তিনি নিজের জায়গায় লেপতোষকের দোকান দেন। কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে দোকান ভেঙে ফেলা হয়।
মান্দারি-রায়পুর সড়কের লাগোয়া নূরুল আমিনের পাঁচটি দোকান। ওই দোকানগুলো ভেঙে দেওয়া হয়। তিনি জানান, কোনো নোটিশ না দিয়েই দোকানগুলো ভেঙে ফেলা হয়।
মান্দারি উদয়ন একাডেমির অধ্যক্ষ নূর মোহাম্মদ জানান, গত মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পর বিদ্যালয়টি ভেঙে ফেলা হয়। এখন তিনি ৮৭ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত।
এদিকে গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কাশেম। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মানুষকে সান্ত্বনা দেন।
এ ব্যাপারে আলী হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খান বলেন, ‘আদালতের নির্দেশনা পেয়ে উচ্ছেদে যাই। নোটিশ দেওয়া হয়েছে কি না আমি জানি না।’