খোঁজ মেলেনি নবজাতকের, মামলা করেছেন বাবা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল সোমবার দুপুরে চুরি হওয়া নবজাতকের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। এ ঘটনায় নগরের রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে চুরি হওয়া শিশুর বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, হারানো নবজাতকের বাবা অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলাটি করেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমানকে। তাঁর নেতৃত্বে ঘটনার পর থেকেই পুলিশ নবজাতককে উদ্ধারে সন্দেহভাজন ওই নারীর খোঁজে অভিযান অব্যাহত রেখেছে।
মামলার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডের নিরাপত্তাকর্মী, সেবিকা ও অন্য রোগীদের জিজ্ঞাসাবাদ করে ওই নারীর শারীরিক গঠন ও পোশাকের বর্ণনা পাওয়া গেছে। ওই নারীর খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে। সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
জন্মের আধঘণ্টার মধ্যে হাসপাতালের ওয়ার্ড থেকে নবজাতক চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের গঠন করা তদন্ত কমিটি। আজ সকালে তদন্ত কমিটির সদস্যরা হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে গিয়ে চিকিৎসক, সেবিকা, নিরাপত্তাকর্মী, রোগী ও তাঁদের অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করেন।
গতকাল সন্ধ্যায় সার্জারি বিভাগের প্রধান আবদুল মোমেনকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। ১ জানুয়ারির মধ্যে তাঁদের প্রতিবেদন দাখিলের কথা। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন গাইনি বিভাগের আবাসিক সার্জন নূরে আতিয়া লাভলী ও একই বিভাগের সহাকারী অধ্যাপক রোকেয়া বেগম, সহযোগী অধ্যাপক সুব্রত ঘোষ ও রেডিওথেরাপি বিভাগের আবাসিক সার্জন আশীষ কুমার।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাসপাতাল থেকে নবজাতক চুরি যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। কীভাবে শিশুটি চুরি হলো, হাসপাতালে কেউ জড়িত কি না বা কারও অবহেলা রয়েছে কি না, তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে। তিনি বলেন, শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাঁরা চেষ্টা চালাচ্ছেন। হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে ‘সোর্স’ লাগিয়ে ওই নারী ও শিশুটির সন্ধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গতকাল অস্ত্রোপচার কক্ষ থেকে মা বের হওয়ার আগেই নবজাতক শিশুটি চুরি হয়ে যায়। অভিভাবকদের বর্ণনা অনুযায়ী, অল্পবয়সী বোরকা পরা ও গোলাপি রঙের চাদর গায়ে এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যান।
শিশুটির বাবার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকার সুরশুনিপাড়া এলাকায়। হারানো শিশুটি তাঁদের প্রথম সন্তান। এ নিয়ে গত পাঁচ বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারটি নবজাতক চুরির ঘটনা ঘটল।
আরও পড়ুন....
হাসপাতাল থেকে নবজাতক চুরি