খোকা-মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকা। ফাইল ছবি
মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকা। ফাইল ছবি

রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। ওই মামলায় আসামি করা হয়েছে বিএনপির নেতা সাদেক হোসেন খোকাকেও।
আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা।

মামলার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলায় মাহমুদুর রহমান মান্নাকে ১ নম্বর ও সাদেক হোসেন খোকাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ মামলার তদন্ত কার্যক্রম শুরু হবে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথন নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর রাত সাড়ে তিনটার দিকে বনানীর একটি বাসা থেকে মান্নাকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে একটি দল তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই সময় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মান্নাকে আটক করার কথা অস্বীকার করা হয়। দিনভর মান্নার খোঁজ পাওয়া না গেলেও গত ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানার পুলিশের হাতে হস্তান্তর করে র‌্যাব। তখন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানায় মামলা করেন এসআই সোহেল রানা। ২৫ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে হাজির করে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয়। বর্তমানে মান্না ওই মামলার রিমান্ডে আছেন।

আরও পড়ুন: