খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র

বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে করা মামলায় সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
অভিযোগপত্রে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।
সাদেক হোসেন ছাড়া আরও যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন। এজাহারভুক্তদের মধ্যে সাবেক প্রধান সম্পত্তি মশিয়ার রহমানকে অব্যাহতি দেওয়া হয়।
নীতিমালা লঙ্ঘন করে বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং ও খোলা জায়গায় দোকান নির্মাণ করে অস্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগে গত বছরের ২৪ আগস্ট সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।
দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম মামলার তদন্ত শেষে সাবেক প্রধান সম্পত্তি মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়ে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্রের সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।