খোয়া যাওয়া দুই ট্রাক সার পাটগ্রামে বিক্রি
বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) গায়েব হওয়া দুই ট্রাক ইউরিয়া সারের সন্ধান পাওয়া গেছে। ওই সার পাটগ্রামে বিক্রি করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাফার (আপৎকালীন মজুত)গুদামে পাঠানোর সময় একটি চক্র ট্রাক দুটি চালকের সহায়তায় অন্যত্র নিয়ে যায়। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
মহেন্দ্রনগর বাফার গুদাম সূত্রে জানা গেছে, বিসিআইসি সিরাজগঞ্জের বাঘাবাড়ী ট্রানজিট পয়েন্ট থেকে গত ২২ ডিসেম্বর মেসার্স পোটন ট্রেডার্সের ভাড়া করা দুটি ট্রাকে ৪০ টন (৮০০ বস্তা) ইউরিয়া সার মহেন্দ্রনগর বাফার গুদামে পাঠানো হয়। কিন্তু স্থানীয় একটি চক্র ট্রাকচালকের যোগসাজশে মহেন্দ্রনগর বাফার গুদামের কর্মকর্তা হানিফ মিয়ার স্বাক্ষর ও সিল জাল করে সার পাটগ্রাম উপজেলার বাউরা বাজারের ডিলার মেসার্স করিম ট্রেডার্সের মালিক আবদুল লতিফের গুদামে নিয়ে আসে। পরে লতিফ ওই সার উপজেলার পাঁচজন খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন।
মেসার্স পোটন ট্রেডার্সের ভাড়া করা একটি ট্রাকের মালিকের নাম শামীম মাহমুদ। তিনি বলেন, তাঁর চালক চান মিয়াকে যে কাগজপত্র দেওয়া হয়েছে, সেই কাগজপত্র অনুযায়ী তাঁর চালক ৪০০ বস্তা সার পাটগ্রাম উপজেলার মেসার্স করিম ট্রেডার্সের মালিকের কাছে নিয়ে যান। পরে প্রতিষ্ঠানটির মালিকের কথামতো তাঁর চালক পাটগ্রাম পৌরবাজারের মেসার্স ইমরান ও সুমন ট্রেডার্সের গুদামে ৪০০ বস্তা ইউরিয়া সার বুঝিয়ে দিয়ে রসিদ নেন। পরে তিনি জানতে পারেন, কাজগপত্র জালিয়াতি করা হয়েছে। এ ঘটনায় তিনি ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ১৪ জানুয়ারি লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ট্রাকসহ সার গায়েব হয়ে যাওয়ার বিষয়টি ২৬ ডিসেম্বর ট্রাকমালিকেরা প্রথমে বিসিআইসি বাঘাবাড়ী ট্রানজিট পয়েন্ট ও মাহেন্দ্রনগর বাফার গুদামের কর্মকর্তাদের জানান। ওই কর্মকর্তারা বিষয়টি ডিসেম্বরের শেষের দিকে বিসিআইসির রাজশাহী ও রংপুর বিভাগের সার সরবরাহ ও তদারকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামীম আকতারকে জানান। এরপর তিনি জানুয়ারির প্রথম দিকে ট্রাকমালিকদের দেওয়া তথ্যমতে গায়েব হওয়া সারের সন্ধান পান।
পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম জানান, জালিয়াতি করে ৪০ টন ইউরিয়া সার বিএডিসির সারের ডিলার আবদুল লতিফের মাধ্যমে পাটগ্রাম উপজেলার পাঁচ খুচরা বিক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। এদের মধ্যে মেসার্স এডি এন্টারপ্রাইজ ১০০ বস্তা, মেসার্স বাঁধন ট্রেডার্স ১০০, মেসার্স জান্নাত ট্রেডার্স ২০০, মেসার্স আবদুল জব্বার ২০০ ও দহগ্রামের মেসার্স গোলাম রব্বানীকে ২০০ বস্তা সার দেওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আবদুল লতিফের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। গত মঙ্গলবার বাউরা বাজারে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
এ নিয়ে গত রোববার পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হকের কার্যালয়ে কয়েক দফায় বৈঠক করেন কর্মকর্তারা। বৈঠকে বিসিআইসির সার ডিলার সমিতির লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, সার ও বীজ ব্যবসায়ী শামসুল আলমসহ একাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিসিআইসির কর্মকর্তা শামীম আকতার বলেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মাঠপর্যায়ে তদন্ত কার্যক্রমসহ পাটগ্রামের ইউএনও রফিকুল হকের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাটগ্রামের ইউএনও রফিকুল হক বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। তাঁরা পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেবেন।