খোলা ট্রাকে বিক্রি হচ্ছে অবৈধ সিএনজি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন আবাসিক এলাকায় খোলা ট্রাকে বিক্রি হচ্ছে সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস)। এতে আগুন লেগে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় জনগণের অভিযোগ, সংশ্লিষ্ট প্রশাসনের নীরবতায় কয়েকজন অসাধু ব্যবসায়ী নির্বিঘ্নে এই ঝুঁকিপূর্ণ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অনুসন্ধানে দেখা যায়, উপজেলার পাঁচটি জায়গায় খোলা ট্রাকে সহজে দাহ্য ওই অবৈধ গ্যাস বিক্রি চলছে। এর মধ্যে লোহাগাড়া উপজেলা সদরে তিনটি ও পদুয়া তেওয়ারী হাটে দুটি জায়গায় এই গ্যাস বিক্রি হচ্ছে।
এভাবে গ্যাস বিক্রি করার সময় এর আগে উপজেলা সদরে দুবার গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে আগুন ধরে যায়। গত ২৩ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা সদরের সিরাজুল ইসলামের মালিকানাধীন খোলা গ্যাস বিক্রির জায়গায় সিলিন্ডার ফুটো হয়ে গ্যাস নির্গত হয়।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা সদরে খোলা গ্যাস বিক্রি করছেন মো. শামসুল ইসলাম, সিরাজুল ইসলাম ও মো. আমিন নামের তিনজন ব্যবসায়ী। পদুয়া তেওয়ারী হাটে মো. ইলিয়াছ ও মো. জামাল নামের দুজন ব্যবসায়ী গ্যাস বিক্রি করছেন ।
উপজেলা সদরের বাসিন্দা মো. সাহাব উদ্দিনের ভাষ্য, ‘জনবহুল বসতবাড়িসংলগ্ন ঝুঁকিপূর্ণ জায়গায় এই গ্যাস বিক্রি করায় আমাদের প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয়।’
ওই এলাকার বাসিন্দা মো. সামশুল ইসলামের ভাষ্য, সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় এসব অবৈধ ঝুঁকিপূর্ণ ব্যবসা চলছে। তিনি বলেন, অনেক ভাড়াটে আতঙ্কে এই এলাকা ছেড়ে অন্য জায়গায় বাড়িভাড়া নিচ্ছেন।
এ ব্যাপারে খোলা গ্যাস বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা স্থানীয় সিএনজিচালকদের সুবিধার্থে এ খোলা গ্যাস অবৈধ হলেও বিক্রি করছি।’
তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানে খোলা গ্যাস বিক্রির সময় সিলিন্ডার বিস্ফোরণের কথাও তিনি স্বীকার করেন।
গ্যাস বিক্রেতা মো. জামাল ও মো. আমিনের ভাষ্য, লোহাগাড়ায় যাঁরা সিএনজিচালিত অটোরিকশা চালান, তাঁদের চট্টগ্রাম শহরে গিয়ে গ্যাস আনতে কষ্ট হয়। এ জন্য এভাবে গ্যাস বিক্রি করা হচ্ছে। তাঁরা দুজনেই স্বীকার করেন এ ব্যবসা অবৈধ। তাঁর বলেন, পর্যায়ক্রমে এই গ্যাস বিক্রি বন্ধ করে দেবেন।
লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সভাপতি মামুনর রশিদের ভাষ্য, এভাবে খোলা গ্যাস বিক্রির কারণে যানজট লেগে থাকে এবং আবাসিক এলাকার বাসিন্দাদের প্রতিনিয়ত উদ্বিগ্ন থাকতে হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এভাবে খোলা অবস্থায় গ্যাস বিক্রি সম্পূর্ণভাবে অবৈধ। এরমধ্যে গ্যাস ভর্তি গাড়ি আটক করে জরিমানা আদায় করা হয়েছে। গ্যাস বিক্রি বন্ধ না করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।