সুনামগঞ্জে হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ার পর সরকারি উদ্যোগে খোলাবাজারে কম দামে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় বিক্রয়কেন্দ্র কম। এ কারণে অনেকেই চাল-আটা কিনতে পারছেন না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে ফসলহানির ঘটনার সঙ্গে সঙ্গে বাজারে চাল ও আটার দাম বেড়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারক করে দাম কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়। তবে ১০ এপ্রিল থেকে খোলাবাজারে কম দামে চাল ও আটা বিক্রি শুরু হয়। প্রতি কেজি চাল ১৫ টাকা এবং আটা ১৭ টাকা করে খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন একজন মানুষ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারছেন।
বর্তমানে জেলায় ৬৯টি বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি উপজেলা সদরে তিনটি করে ৩৩টি এবং চারটি পৌরসভায় আরও ৯টি করে ৩৬টি বিক্রয়কেন্দ্র রয়েছে। একজন ডিলার প্রতিদিন এক হাজার কেজি চাল বিক্রি করছেন। এতে একজন ডিলারের কাছ থেকে সর্বোচ্চ ২০০ জন লোক চাল কিনতে পারছেন। কিন্তু এসব ডিলারের কাছে প্রতিদিনই চাল কিনতে ভিড় করছেন হাজারো মানুষ।
গতকাল সোমবার সকাল নয়টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার একটি বিক্রয়কেন্দ্রের সামনে গিয়ে চাল কিনতে আসা মানুষের ভিড় দেখা গেছে। সদর উপজেলার জলিলপুর গ্রামের আবু মিয়া বলেন, ‘গত খাইলও আইছলাম। দুই ঘণ্টা চেষ্টা করিও চাউল কিনতাম পারছি না। এর লাগি আইজ সকাল ছয়টায় আইছি।’
বিশ্বম্ভরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের মানুষের মধ্যে চাল ও আটা বিক্রির জন্য দেওয়া হয়েছে তিনজন ডিলার। তাঁরা তিনটি স্থানে গতকাল চাল বিক্রি করেছেন। কিন্তু বিক্রয়ের স্থান বাড়ানোর দাবি স্থানীয় লোকদের। উপজেলা সদরে চাল ও আটা কিনতে আসা ফতেপুর ইউনিয়নের কুলসুমা আক্তার বলেন, ‘আমরার আইতে-যাইতে ৫০ টেকা খরচ অইব। বাড়ির ধারে বেচার ব্যবস্থা থাকলে সুবিধা অইত।’
জামালগঞ্জ সদরের ডিলার আকবর হোসেন বলেন, ‘সকাল আটটার দিকে ২০০ লোককে স্লিপ ধরিয়ে দেওয়া হয়। এরপর তাঁদের চাল দিই আমরা। কিন্তু মানুষ প্রচুর। মানুষের চাপ সামলাতে প্রতিদিনই পুলিশ ডাকতে হচ্ছে।’
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রসূন কুমার চক্রবর্তী বলেছেন, ‘খোলাবাজারে চাল বিক্রির পাশাপাশি উপজেলায় প্রতিদিন বিনা মূল্যে ১০ কেজি করে চাল বিতরণের কর্মসূচিও চলছে। আশা করি, এখন মানুষের চাপ কিছুটা কমবে। তবে আমরা বিক্রয়কেন্দ্র বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘ইউনিয়ন পর্যায়ে বিক্রয়কেন্দ্র খোলার বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চাল ও আটা বিক্রির বাইরে ফসলহারা মানুষদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য ইতিমধ্যে ৫৬০ মেট্রিক টন চাল, ১৫৫ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেগুলোও বিতরণ করা হচ্ছে।’
হাওরে হাওরে ভাসছে মাছ
মৌলভীবাজারের হাকালুকি হাওরে বিভিন্ন জাতের মাছ মরে ভাসছে। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এদিকে মাছ মরা রোধে মৎস্য বিভাগ হাওরের বিভিন্ন স্থানে চুন ও ওষুধ ছিটিয়ে দিচ্ছে। এলাকায় মাইকিং করে জাল দিয়ে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। পচা মাছ খেলে মানুষের পেটের পীড়া হতে পারে বলেও সতর্ক করা হচ্ছে। গতকাল থেকে আগামী চার-পাঁচ দিন সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু ইউছুফ গতকাল বেলা দুইটার দিকে বলেন, ‘আমি এখন হাকালুকি হাওরের হাল্লা এলাকায় আছি। পানিতে তীব্র দুর্গন্ধ। পানির রং বদলে গেছে। যেখানে পানি গভীর সেখানে বাদামি রং এবং যেখানে কম সেখানকার রং কালচে হয়ে গেছে।’
কুলাউড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বেলা আড়াইটার দিকে বলেন, ‘আমরা জাল দিয়ে মাছ না ধরতে মাইকিং করছি। বিকেলে গ্রাম ও হাটবাজারে জনসচেতনতা সৃষ্টির জন্য সভা করব। এ ছাড়া ওপরের নির্দেশ অনুযায়ী, চুন ও ওষুধ (জিওলাইট) পানিতে ছিটিয়ে দিচ্ছি।’
মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী বলেন, হাওরের দূষিত পানি ব্যবহারে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ও চর্মরোগ দেখা দিতে পারে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকা দরকার।
সুনামগঞ্জের বিভিন্ন হাওরেও মাছ মরে ভেসে উঠছে। এসব মাছ না ধরতে এবং না খেতে গতকাল বিকেলে জেলার জগন্নাথপুর উপজেলা শহরে মাইকিং করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে এই মাইকিং করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার রোববার বলেছিলেন, এসব মাছ খেলে মানুষের কোনো ক্ষতি হবে না। তবে গতকাল তিনি বলেন, ‘এখন দেখে মনে হচ্ছে, এসব মাছে পচনটা বেশি। সেই সঙ্গে দুর্গন্ধও রয়েছে। মনে হচ্ছে, এগুলো ধরা ও খাওয়া ঠিক হবে না।’
ধরমপাশা উপজেলার বিভিন্ন হাওরেও মাছ ভাসতে থাকে। সেখানেও মাছ না ধরতে এবং পচা মাছ না খেতে মাইকিং করা হচ্ছে।
স্মারকলিপি পেশ
চলতি মাসের প্রথম সপ্তাহের টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফসলহারা কৃষকেরা ক্ষতিপূরণের দাবিতে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক কৃষক অবস্থান নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হকের মাধ্যমে ওই স্মারকলিপি দেন।
মানববন্ধন
হাওরের ফসলহারা সুনামগঞ্জের ধরমপাশা উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে গতকাল বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে ‘সিলেটস্থ ধরমপাশা ছাত্র কল্যাণ পরিষদ’। ‘হাওর বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে মানববন্ধন চলাকালে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি দেবাশীষ তালুকদার।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট, সুনামগঞ্জ অফিস, মৌলভীবাজার, জুড়ী, কমলগঞ্জ ও ধরমপাশা প্রতিনিধি}