খোলাবাজারের গম আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেপ্তার
খোলাবাজারে বিক্রির জন্য রাখা গম আত্মসাতের অভিযোগে নাটোর সদর উপজেলা খাদ্যগুদামের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত তিনটার দিকে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) সাদাত হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া সাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি নেতার মালিকানাধীন ময়দা মিলের সঙ্গে যোগসাজশে গম আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম অনিন্দ্য মণ্ডল গতকাল দুপুরে শহরের হক ফ্লাওয়ার মিল ও সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি দেখতে পান, গত ৩০ মার্চ খাদ্যগুদাম থেকে খোলাবাজারে ময়দা বিক্রির জন্য ৩৫ মেট্রিক টন উন্নত মানের গম শহরের হক ফ্লাওয়ার মিলকে সরবরাহের আদেশ দেওয়া হয়েছে। কিন্তু ওই দিন ফ্লাওয়ার মিল ওই গম খাদ্যগুদাম থেকে সংগ্রহ না করে অন্যত্র বিক্রি করে দেয়। একই সময় উন্নত মানের গমের ময়দা না করে নিম্নমানের গম থেকে ময়দা তৈরি করে খোলাবাজারে বিক্রির জন্য সরবরাহ করে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুসারে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামাণিক বাদী হয়ে গতকাল রাতে সদর থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হক ফ্লাওয়ার মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে খোলাবাজারের গম অন্যত্র বিক্রি করে অনৈতিকভাবে লাভবান হয়েছেন।
অরুণ কুমার প্রামাণিক জানিয়েছেন, হক ফ্লাওয়ার মিলের মালিক হচ্ছেন নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক।
গ্রেপ্তারের আগে খাদ্যগুদাম কর্মকর্তা সাদাত হোসেন জানান, নির্ধারিত সময়ে তিনি গম সরবরাহ করতে চেয়েছিলেন। কিন্তু ফ্লাওয়ার মিল কর্তৃপক্ষের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন গম সরবরাহ করা হয়নি। তিনি গম আত্মসাৎ করেননি। এ ব্যাপারে তাঁর কোনো ত্রুটি নেই। তাঁকে একটি মহল হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ তুলেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)। কমিশনের কর্মকর্তারা রাজশাহী থেকে নাটোরে রওনা হয়েছেন। তাঁরা আসার পর গ্রেপ্তার হওয়া কর্মকর্তাকে আদালতে পাঠানো হবে।