খ্রিষ্টান দম্পতির ওপর হামলার ঘটনায় আটক ৬
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিষ্টান দম্পতির ওপর হামলার ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। হামলার ঘটনায় আজ শুক্রবার রাত নয়টা পর্যন্ত মামলা হয়নি।
আটক ব্যক্তিরা হলেন: রুবেল পাঠান, নাজমুল পাঠান, লিটন মিয়া, শাহজাহান মিয়া, বাচ্চু কসাই ও ইউনুস কবিরাজ।
গত বুধবার রাতে বনপাড়ার কালিকাপুর এলাকায় সাবেক স্কুলশিক্ষক গ্যাব্রিয়েল কস্তা ও তার স্ত্রী বীণা পিরিসের শয়নকক্ষে ঢুকে তাঁদের মারধর করে দুর্বৃত্তরা। এই হামলার একপর্যায়ে ওই দম্পতি অচেতন হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁদের চেতনা ফিরে আসে। বর্তমানে তাঁরা বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।
আহত গ্যাব্রিয়েল কস্তার মেয়ে নীলা কস্তা বলেন, তাঁর বাবা-মা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে পারেননি। ঘটনার সময় বাবা-মা ছাড়া বাসায় কেউ ছিলেন না। আরও খোঁজ খবর নিয়ে তাঁরা মামলা করবেন।