খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামে রোববার রাতে পূর্বশত্রুতার জের ধরে রণজিৎ রোজারিও (৩০) নামের এক খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রণজিতের স্ত্রী পল্লবী রোজারিও অভিযোগ করেন, তাঁদের গ্রামের প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পাশের গ্রামের বাদশা মিয়া নামের এক ব্যক্তির অনৈতিক সম্পর্ক ছিল। প্রায় দুই মাস আগে রণজিৎ আপত্তিকর অবস্থায় তাঁদের ধরে ফেলেন। বিষয়টি নিয়ে এলাকায় সালিস বৈঠক হয়। এতে ক্ষুব্ধ হন বাদশা মিয়া। তিনি লোকবল নিয়ে রোববার রাতে বাড়িতে এসে রণজিতের ওপর হামলা চালান। তাঁরা রণজিৎকে লক্ষ্য করে গুলি চালান ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রণজিৎ অভিযোগ করেন, ‘বাদশা তাঁর লোকজন নিয়ে আমাকে চাপাতি দিয়ে কোপায়।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, পূর্বশত্রুতার জের ধরে রণজিৎকে কুপিয়ে আহত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।