খ্রিষ্টানপল্লিতে ডাকাত, জনতার ধাওয়া, বোমায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের খ্রিষ্টানপল্লি বাঘাডাঙ্গা মিশনপাড়ায় গত সোমবার দিবাগত মধ্যরাতে সশস্ত্র ডাকাত দল হানা দেয়। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতেরা পালিয়ে যায়। এ সময় তাদের নিক্ষেপ করা হাতবোমার আঘাতে অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন।
বোমায় আহত ব্যক্তিরা হলেন আলম মণ্ডল (৫০), রনি মণ্ডল (২২) ও থমাস মণ্ডল (২৮)। তাঁরা বাঘাডাঙ্গা মিশনপাড়ার বাসিন্দা। আলম মণ্ডলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমার আঘাতে তাঁর বাম হাত ও পাঁজরে ক্ষতের সৃষ্টি হয়েছে। অন্য দুজন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বাঘাডাঙ্গা মিশনপাড়ায় আলম মণ্ডল নামের এক গরু ব্যবসায়ী রয়েছেন। তাঁর কাছে নগদ টাকা থাকতে পারে, এমন খবরে ডাকাতদলের সদস্যরা সেখানে হানা দেয়। আলমের চিৎকারে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে ডাকাতেরা পালিয়ে যেতে বাধ্য হয়। এলাকা ছাড়ার আগে তারা বোমা নিক্ষেপ করে।
আহত আলম মণ্ডল বলেন, সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন। ডাকাতদলের সদস্যরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং অস্ত্রের মুখে টাকা দাবি করে। এ সময় তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পালানোর সময় ডাকাতদলের সদস্যরা তিনটি বোমা নিক্ষেপ করে। এতে আহত হলে রাতেই তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।