খড়ের গাদায় অপহৃত শিশুর গলা কাটা লাশ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মুনিষগাঁও গ্রামে আব্দুল কাফি তুষার (৩) নামের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শিশুটির লাশ বাড়ির পাশের একটি খড়ের গাদা থেকে উদ্ধার করে পুলিশ। শিশুটি গত বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল। পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছিল।
শিশুটির বাবা মাসুদ রানা বলেন, বুধবার সকালে চাচা সিরাজুল ইসলামের বাড়িতে গিয়েছিল তুষার। ওই বাড়ি থেকে বের হওয়ার পর তুষারকে সিরাজুল ইসলামের ছেলে শান্তর (১৫) কোলে দেখা যায়। মাসুদ রানার দাবি, সেদিনই তুষারকে অপহরণ করা হয়। নিখোঁজের ঘণ্টা ছয়েক পর মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর থেকেই ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। অপহরণকারীরা মাসুদের সঙ্গে আর যোগাযোগ করেনি। এ ঘটনায় গত বৃহস্পতিবার মাসুদ রানা রানীশংকৈল থানায় একটি অপহরণ মামলা করেন।
পুলিশ জানিয়েছে, মাসুদের কাছে যে মুঠোফোন থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল, সেটা সিরাজুল ইসলামের মা ব্যবহার করতেন। কয়েক দিন আগে সেটি হারিয়ে গিয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিরাজুল ইসলাম ও তাঁর ছেলে শান্তসহ আটজনকে আটক করা হয়েছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।