খড়ের গাদায় গুলিবিদ্ধ ব্যক্তি, পুলিশের দাবি ডাকাত
জয়পুরহাটের আক্কেলপুরের রোয়াইড় গ্রামে একটি খড়ের গাদা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে গ্রামবাসী। তাঁর নাম রাজু। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
রাজুর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজস গ্রামে।
পুলিশের দাবি, আক্কেলপুর-গোপিনাথপুর সড়কের ভিকনী সেতু এলাকায় গতকাল মঙ্গলবার রাতে একদল ডাকাত ডাকাতি করছিল। এ সময় পুলিশ গাড়ি নিয়ে এগিয়ে গেলে ডাকাতেরা গাড়িচালককে মারতে যায়। তখন পুলিশ গুলি ছোড়ে। এতে কয়েকজন আহত হয়। এরমধ্যে রাজু রয়েছে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা একে এম মাহবুব আলম প্রথম আলোকে জানান, রাজু নামের গুলিবিদ্ধ এক ব্যক্তিকে লোকজন আজ সকালে হাসপাতালে নিয়ে আসে। তাঁর পেটে একটি গুলি লেগেছে। তবে তিনি কথা বলতে পারছেন।
পুলিশের ভাষ্যমতে, আক্কেলপুর-গোপিনাথপুর সড়কের ভিকনী সেতু এলাকায় গতকাল রাত ১২টার দিকে একদল ডাকাত সড়কে গাছ ফেলে যানবাহন আটকে ডাকাতি করছিল। খবর পেয়ে আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবরের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ভটভটিতে করে সেখানে যায়। ওই সময় ডাকাতেরা ভটভটি চালককে মারধর করতে এগিয়ে এলে পুলিশ সদস্যরা গুলি ছোড়ে। এতে ডাকাতেরা পালিয়ে যায়। পরে ডাকাতির কবলে পড়া যানবাহন ও লোকজনকে পুলিশ উদ্ধার করে পুলিশ।
ভটভটি চালক হাসান আলী (২০) প্রথম আলোকে বলেন, ডাকাতেরা তাঁকে মারতে এলে পুলিশ সদস্যরা গুলি ছোড়ে। এতে দুজন ডাকাত চিৎকার করে পালিয়ে যায়।
এসআই আলী আকবর বলেন, সড়কে ডাকাতির খবর পেয়ে আমরা সেখানে যাই। আমাদের প্রতিরোধের মুখে ডাকাতেরা গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ডাকাতদের লক্ষ্য করে পুলিশ শটগানের দুটি গুলি ছুড়েছে।