গঙ্গাচড়ায় ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের ধারণা। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে এলাকার বাঁশবাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের চর তালপট্টি গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
থানা-পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মর্ণেয়া ইউনিয়নের চর তালপট্টি গ্রামের দিনমজুর আইয়ুব আলীর মেয়ে ও স্থানীয় আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী শাহিনা খাতুনকে একই গ্রামের সামছুল আলমের ছেলে আবুজার রহমান দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিল। শাহিনা প্রস্তাবে রাজি না হওয়ায় আবুজার দীর্ঘদিন থেকে তার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজছিল। বৃহস্পতিবার রাতে শাহিনার মা-বাবার অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে আবুজার শাহিনার মুখে ওড়না পেঁচিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে হত্যা করে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের ধারণা।
শাহিনার বাবা আইয়ুব আলী জানান, তিনি এক নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে আটটার দিকে বাড়িতে এসে দেখেন মেয়ে নেই। অনেক খোঁজাখুঁজির পর গতকাল সকালে বাড়ির পাশে বাঁশখেতে হাত-পা বাঁধা অবস্থায় শাহিনার মৃতদেহ পাওয়া যায়। বিষয়টি স্থানীয় থানা-পুলিশকে অবহিত করা হলে পুলিশ গতকাল সকালে শাহিনার লাশ উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আবুজার ও নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।