গঙ্গাচড়ায় গৃহবধূ ও পীরগঞ্জে ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার কবিরাজ হরলাল চন্দ্র রায়কে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে।
গঙ্গচাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, উপজেলার সদর ইউনিয়নের এক কৃষকের স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তাঁকে ইউনিয়নের ধামুর গ্রামের কবিরাজ হরলাল চন্দ্র রায় ঝাড়ফুঁক দিয়ে আসছেন। গত মঙ্গলবার রাতে রোগীর সঙ্গে ওই কবিরাজের বাড়িতে আসেন রোগীর ছেলের বউ। এ সময় তিনি পাশের ঘরে ওই ছেলের বউকে আটকে ধর্ষণ করেন। তাঁর চিৎকারে হরলাল চন্দ্র রায় পালিয়ে যান।
এ ঘটনার পরদিন রাতে ওই গৃহবধূ গঙ্গাচড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হরলাল চন্দ্র রায়ের নামে মামলা করেন। মামলার পর গতকাল সকালে উপজেলার বাজার থেকে হরলাল চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূকে পরীক্ষা-নিরীক্ষার জন্য গতকাল রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি মো. ইসতেশাম জানান, ওই ছাত্রীর বাবা বুধবার রাতে উপজেলার নারায়ণপুর গ্রামের মো. মানিককে আসামি করে থানায় ধর্ষণের মামলা করেছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এবং পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষা শেষে গতকাল প্রথম শ্রেণির হাকিম ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই ছাত্রী মঙ্গলবার সকালে বই নিয়ে বিদ্যালয়ে গেলেও ছুটির পর সে বাড়িতে ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে না পাওয়ায় ওই ছাত্রীর বাবা বুধবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগে জানা যায়, আসামি মো. মানিক বুধবার সন্ধ্যা সাতটার দিকে ‘ফুটানী টাউন’ বাজারের পাশের সেতুতে ওই ছাত্রীকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেন। পরে ওই ছাত্রী মা-বাবাকে জানায়, মানিক মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ফুসলিয়ে তাকে মোটরসাইকেলে মানিকের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে রাতে তাকে ধর্ষণ করেন।