গজনী অবকাশ কেন্দ্রে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশকেন্দ্র-সংলগ্ন গারো পাহাড়ে অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের শটগানের গুলিতে অপর দুজন আহত হলেও তাঁরা পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জামালপুরের লাঙ্গলজোড়া গ্রামের জামিনুল শেখ (২৪) ও মো. শাকিল (২০)। পুলিশ তাঁদের কাছ থেকে ছিনতাই করা দুটি মুঠোফোন, কয়েকটি মুখোশ, একটি চাকু ও গাঁজা জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পর্যটন মৌসুমে একটি চক্র গজনী অবকাশকেন্দ্র এবং এর আশপাশের এলাকায় বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর একটার দিকে ঝিনাইগাতী থানার একদল পুলিশ সাদা পোশাকে ওই অবকাশকেন্দ্রে বেড়াতে যান। পুলিশের দলটি গারো পাহাড়ের গহিন অরণ্যের দিকে গেলে কয়েকজন যুবক তাঁদের ওপর হামলা চালিয়ে বিভিন্ন সামগ্রী ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় পুলিশের দলটি ওই যুবকদের লক্ষ্য করে শটগানের আটটি গুলি ছোড়ে। এতে দুই যুবক আহত হলেও তাঁরা পালিয়ে যান। পুলিশ অপর দুই যুবককে গ্রেপ্তার করেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন সময়ে গজনী অবকাশকেন্দ্রে হওয়া ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।