গজারি বনে মিলল কৃষকের গলিত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নয় দিন পর গজারি বনের ভেতর থেকে মিলল কৃষকের লাশ। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কের সীমানাপ্রাচীরের পাশ থেকে আবদুর রাজ্জাক আকন্দ (৪৫) নামের ওই কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বেলতলী এলাকার মৃত হেকমত আলী আকন্দের ছেলে।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, গত ২৮ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদে নামাজ পড়ার কথা বলে রাজ্জাক আকন্দ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন শনিবার সকালে তাঁর দ্বিতীয় স্ত্রী সাইদুন্নাহার বাদী হয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ দুপুরে এলাকাবাসী লাশের দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু সাফারি পার্কের সীমানাপ্রাচীরের পাশে নগরভিটা এলাকার গজারি বনের ভেতর থেকে রাজ্জাকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সাত্তার মিয়া জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।

নিহত রাজ্জাকের বড় ভাই মুজিবুর রহমান জানান, ২৫ বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর রাজ্জাক সাইদুন্নাহারকে বিয়ে করেন। প্রায় পাঁচ বছর আগে শ্রীপুরের বেলতলী এলাকার বাড়ি থেকে বেরাইদের চালা এলাকায় বাড়ি নির্মাণ করে সেখানেই ওই দম্পতি বসবাস করছিলেন। বেরাইদের চালা যাওয়ার বছর খানেক পর থেকেই রাজ্জাক ও সাইদুন্নাহার দম্পতির মধ্যে পারিবারিক ও দাম্পত্য বিষয়াদি নিয়ে মাঝেমধ্যেই ঝগড়া হতো। তাঁদের মধ্যে কলহের জেরে ইতিপূর্বে রাজ্জাক রাগ করে দুইবার বাড়ির কাউকে কিছু না বলেই বাড়ি থেকে দূরের স্বজনদের বাড়ি চলে গিয়েছিলেন।