গজারিয়ায় বিয়ে বাড়িতে ডাকাতি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের বালুচর গ্রামে গত শুক্রবার রাতে বিয়েবাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নববধূর গয়নাসহ প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার ও শাড়িসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ করেছে।
এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছে ১০ জন। আহত ব্যক্তিরা হচ্ছেন মো. নজরুল ইসলাম, জনি মিয়া, আবদুর রহমান, ঝরনা বেগম, শাহীদা বেগম, শারমিন আক্তার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বালুচর গ্রামের রুহুল আমিন বেপারীর ছেলে আরিফ বেপারীর বিয়ের অনুষ্ঠান ছিল। ওই দিন রাত দুইটার দিকে ২০-২৫ জনের ডাকাত দল বিয়েবাড়িতে হানা দেয়। তারা নববধূর গয়নাসহ প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার ও শাড়ি-কাপড় নিয়ে যায়। এ সময় ডাকাতদের প্রহারে ১০ জন আহত হন। গতকাল শনিবার বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান হয়।
গজারিয়া ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।