বেলা দেড়টা। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা কার্যালয়ের সামনের মাঠটি মানুষে ঠাসা। পুলিশ, আনসার, ভিডিপি, প্রিসাইডিং অফিসার—সবাই ভিড় করেছেন নির্বাচন সামগ্রী বুঝে নেওয়ার জন্য।
ভিড় ঠেলে উপজেলা পরিষদ ভবনের তিনতলায় গিয়ে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস একাকী তাঁর কক্ষে দাঁড়িয়ে এবং কিছুটা চিন্তিত। এই প্রতিবেদকসহ আরও একজন সাংবাদিককে বসতে বলার পরও তিনি দাঁড়িয়েই ছিলেন। প্রশ্ন করেছিলাম, নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি আছে কি না, নির্বাচন সুষ্ঠু হবে কি না। ইউএনও বললেন, হোসেন্দী, ইমামপুর, গুয়াগাছিয়া ও বালুয়াকান্দি—এই চারটি ইউনিয়নে ১০০ ভাগ সুষ্ঠু নির্বাচন করার ঝুঁকি আছে।
উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে নির্বাচনী সহিংসতা হয়েছে। এর মধ্যে গত সোমবার (২৩ মে) হোসেন্দীতে একজন মারা গেছে। ওই দিন পুলিশসহ ১০ জন আহত হয়। এ ছাড়া গুয়াগাছিয়ায় সাতজন গুলিবিদ্ধ হয়। হোসেন্দীতে বৃহস্পতিবার রাতে তিনজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়। ওই রাতে গজারিয়া ইউনিয়নে ফুলদী গ্রামে পাঁচজন আহত হয়। এ পর্যন্ত একটি ঘটনায় শুধু ১১ জনকে আটক করেছে পুলিশ। আর মামলা হয়েছে তিনটি।
এসব ঘটনা ইউনিয়নগুলোতে সাধারণ ভোটারদের মধ্যে প্রভাব ফেলেছে। গতকাল দুপুরে হোসেন্দী গ্রামে এক চায়ের দোকানে আলাপ হয় স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে। তাঁরা বলেছেন, কোনো ফ্যাসাদের আলামত দেখলে তাঁরা ভোটকেন্দ্রে যাবেন না।
ইউএনও বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় পুলিশ, র্যা ব, বিজিবি, কোস্টগার্ড ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।
ওই চারটি ইউনিয়নে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাধারণ মানুষও। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বিএনপির প্রার্থী থাকলেও তাঁরা নির্বাচনের মাঠে নেই। মূলত আওয়ামী লীগের নিজেদের মধ্যকার বিবাদ ও সংঘর্ষের কারণে পরিস্থিতি খারাপ হয়েছে।
গতকাল সন্ধ্যা ছয়টায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ চারটি ইউনিয়নের প্রতিটিতে চারটি করে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন।