গজারিয়ার হামলায় শিক্ষকসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নিয়োগ নিয়ে গত দুদিনের হামলায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল হকসহ চারজন আহত হয়েছেন।
আহত শিক্ষক নুরুল হক ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। গত ৩০ মে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার কমিটির সভাপতি নিয়োগের জন্য সভার তারিখ নির্ধারণ করা ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিকদার জানান, ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নিয়োগের জন্য শিক্ষক প্রতিনিধি ভোট নিশ্চিত করতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান তাঁর আত্মীয় জসীম উদ্দীনকে দিয়ে তাঁকে চাপ প্রয়োগ করছিলেন। সোলায়মান দেওয়ান নিজেই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রার্থী। তিনি (শাহজাহান) অপারগতা প্রকাশ করায় গত বুধবার রাতে মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়ায় তাঁর ভাড়া বাসায় হামলা চালিয়ে তাঁর ঘরে ভাঙচুর ও ছেলে আপন (৮), স্ত্রী হিরা ও তাঁর বৃদ্ধা মাকে মারধর করে দুর্বৃত্তরা। পরদিন গতকাল বিদ্যালয়ের অফিসকক্ষে সহকারী প্রধান শিক্ষক নূরুল হকের ওপর একদল বহিরাগত হামলা চালিয়ে তাঁকে আহত করে। এ সময় এক নারী শিক্ষকও সামান্য আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে গতকাল বেলা সোয়া ১১টার দিকে মৌন মিছিল ও এ ঘটনার প্রতিবাদ জানায়।
এ ব্যাপারে জানতে আওয়ামী লীগ নেতা সোলায়মান দেওয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।