গজারিয়ায় তরুণকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার ভোরে মিলন হোসেন নামের এক তরুণকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিলনের স্বজন দুলাল মিয়া বলেন, মিলনের বাঁ হাতের কনুইয়ের অংশে কোপ লেগে রগ কেটে গেছে। এ ছাড়া তাঁর দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোয় রগ কেটে গেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মিলনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মিলন হোসেন তাঁর শশুরবাড়ি ইসমানীচর গ্রাম থেকে তেতৈতলা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। জামালদী বাসস্ট্যান্ড এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত মিলনের ওপর হামলা করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিলনকে গুরুতর জখম করে। এ সময় তাঁর চিৎকারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মিলনকে উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।