গজারিয়ায় দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ছয়জন আহত
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় গত সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ছয়জন আহত হয়েছেন। মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ ঘটনায় শহিদুল্লাহ নামের একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ধারালো অস্ত্রের আঘাতে আহত গজারিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলামকে (বীর প্রতীক) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আহত রফিকুলের ভাতিজা রমজানকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আটক শহিদুল্লাহর ছেলে মো. রনিকে প্রথমে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে যাত্রাবাড়ী থেকে গজারিয়া উপজেলার ভাটেরচর গ্রামের মনিরুজ্জামান ওরফে সানিকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ। পরিবারের সন্দেহ, মনিরুজ্জামানকে পুলিশে ধরিয়ে দিয়েছেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নাতি সবুজ। এ থেকে সোমবার রাত আটটার দিকে মনিরুজ্জামানের পরিবারের সঙ্গে রফিকুলের পরিবারের সংঘর্ষ হয়। এ সময় রফিকুলসহ ছয়জন আহত হন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে মনিরুজ্জামানের বাবা শহিদুল্লাহকে আটক করে পুলিশ।