গজারিয়ায় দুই বাড়িতে ডাকাতি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে গত শুক্রবার গভীর রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে বলে জানা গেছে। ডাকাতেরা ২৭ ভরি স্বর্ণসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত প্রথমে আনোয়ার হোসেনের (৪৫) বাড়ির লোহার দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা বাড়ির বাসিন্দাদের হাত-পা বেঁধে ২৫ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা ও তিনটি মুঠোফোন সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে। এরপর দলটি আনোয়ার হোসেনের প্রতিবেশী মো. রাশেদুলের (৪০) বাড়ি থেকে ২০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণসহ অন্যান্য মালামাল লুট করে।
গজারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মীর সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।
এলাকাবাসী অভিযোগ করেন, উপজেলায় ডাকাতি, ছিনতাই বেড়েই চলেছে। চার দিনের ব্যবধানে ছয় বাড়িতে ডাকাতি ও বালুয়াকান্দিতে দুটি ছিনতাইয়ের ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।