গণগোসলখানায় মাদক ব্যবসা ঠেকাতে জনতার পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের তৈরি করা গণগোসলখানাগুলো এখন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হয়েছে। সেখানে নিয়মিত চলে মাদক বেচাকেনা ও মাদক সেবন।
গণগোসলখানায় এই মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে নগরের হাদির মোড় এলাকার লোকজন সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়। এরপর গতকাল বুধবার সেখানকার দুটি গণগোসলখানায় পাহারা বসান স্থানীয় লোকজন।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০০৩-০৪ সালের দিকে নগরের পিছিয়ে পড়া এলাকার জনসাধারণের সুবিধার জন্য চারটি গোসলখানা নির্মাণ করা হয়। এর মধ্যে দুটিই হচ্ছে হাদির মোড় এলাকায়। প্রতিটি গোসলখানা নির্মাণে ব্যয় হয় প্রায় পাঁচ লাখ টাকা করে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, এলাকাগুলোতে যখন পানির সমস্যা ছিল, তখন এগুলো মানুষের সুবিধার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কমিটিও করা হয়েছিল। এখন বাড়িতে বাড়িতে ওয়াসার লাইন চলে গেছে। স্যানিটারি ল্যাট্রিন হয়েছে কারও কারও। সে কারণে হয়তো এগুলো পরিত্যক্ত হয়ে গেছে।
হাদির মোড়ের কয়েকজন বাসিন্দা জানান, এই স্থাপনাগুলো এখন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দখলে চলে গেছে। হাদির মোড় (নদীর ধার) এলাকার জাফর ও মফিজ উদ্দিনের নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা সংগঠিত হয়ে সেখানে ব্যবসা চালাচ্ছে। তারা এখানে বসে হেরোইন, প্যাথেড্রিন ও গাঁজা বিক্রি করে। রাতভর সেখানে বসেই চলে মাদক সেবন। মাদকসেবীরা গোসলখানার হাউসের ভেতরে বমি করে। ব্যবহৃত সিরিঞ্জ ফেলে নোংরা করে রাখে। ফলে এগুলো আর ব্যবহার করা যায় না।
স্থানীয় লোকজন জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের এসব কর্মকাণ্ডের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা রাতভর মাদক গ্রহণ করে। হইচই করে। দুর্গন্ধে টেকা যায় না। এর প্রতিবাদ করতে গেলে মঙ্গলবার বিকেলে মফিজ উদ্দিনের ছোট ভাই বাদশা একজনকে মারধর করে। এর প্রতিবাদে এলাকাবাসী এদিন সন্ধ্যায় নগরের রাজশাহী-নাটোর সড়ক (পুরোনো) অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।
গতকাল বুধবার দুপুরে হাদির মোড় এলাকার গণগোসলখানা দুটিতে গিয়ে দেখা যায়, লাঠি হাতে এক যুবক সেখানে গোসলখানা পাহারা দিচ্ছেন। আরও কয়েকজন নারী সেখানে দাঁড়িয়ে আছেন। ওই গোসলখানার দুটি বাড়ির পরই মফিজ উদ্দিনের বাড়ি। তখন মফিজ বাড়িতে ছিল না। তার মা সুফিয়া বেওয়া বলেন, ‘আমরা মাদক ব্যবসা করি না। আমার বড় ছেলে (মফিজ) হেরোইন সেবন করত। মাস খানেক থেকে তাও করে না।’
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, তিনি স্থানীয় লোকজনকে উৎসাহিত করে এসেছেন। মাদক ব্যবসায়ীদের পেলেই তাঁরা পুলিশকে খবর দেবেন।
২০১৩ সালের নভেম্বরে একইভাবে মাদক ব্যবসার প্রতিবাদ করতে গিয়ে হাদির মোড়ের পাশের এলাকা পঞ্চবটিতে বিশাল হোসেন ওরফে জনী নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। এ ছাড়া গত বছরের জুলাইয়ে হাদির মোড় এলাকায় অসুস্থ হয়ে মারা যান মাদকাসক্ত যুবক খোকন।