গণজাগরণ মঞ্চে পুলিশের হামলা, ইমরানসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগে বিক্ষোভরত গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও জলকামান দিয়ে গরম পানি ছোড়ে পুলিশ। ছবি: মনিরুল আলম
শাহবাগে বিক্ষোভরত গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও জলকামান দিয়ে গরম পানি ছোড়ে পুলিশ। ছবি: মনিরুল আলম

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে শাহবাগে অবস্থান নেওয়া গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ জলকামান দিয়ে গরম পানি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্তত চারজন কর্মী আহত হয়েছেন।

আজ বুধবার বেলা ১১টা ৩৯ মিনিটে পুলিশ গণজাগরণ মঞ্চ লক্ষ্য করে জলকামান দিয়ে গরম পানি, কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে।

আজ সকালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। এর বিরুদ্ধে বেলা ১১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান শুরু করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। পরে পুলিশ সেখানে গিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে বেশ কয়েকটি বাস ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পুলিশের সঙ্গে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে।
রায়কে ‘আঁতাতের রায়’ বললেন ইমরান

এর আগে, এই রায়কে ‘আঁতাতের রায়’ বলে মন্তব্য করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। রায় ঘোষণার পর সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, জামায়াতের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এ রায় দেওয়া হয়েছে। এই রায় উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এ রকম একটি রায় দেওয়ার জন্য বছর খানেক ধরে ষড়যন্ত্র হচ্ছে। তিনি আরও বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে দেশের তরুণ সমাজ যাতে আন্দোলন করতে না পারে, সে জন্য গণজাগরণ মঞ্চকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আগেই আশঙ্কা করেছিলাম, এমন একটি রায় হতে যাচ্ছে।’ এ রায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য দেশের তরুণ সমাজসহ সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানান তিনি।

পরে সকাল সাড়ে ১০টার দিকে একটি মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ থেকে ট্রাইব্যুনালের দিকে যান। সেখান থেকে ফিরে তাঁরা শাহবাগে অবস্থান নিয়েছিলেন।

এদিকে গণজাগরণ মঞ্চের কামাল পাশা চৌধুরীর অংশটি সকালে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে, পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা সেখানে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে কামাল পাশা চৌধুরী বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এ রায় মানি না। এ রায়ের মাধ্যমে স্বাধীন দেশের মানুষ প্রতারিত হয়েছে। আমরা শপথ নিয়েছিলাম যত দিন পর্যন্ত রাজাকারের বিচার না হবে, তত দিন রাজপথ ছাড়ব না। এ আইন যদি চলতে থাকে, কোনো রাজাকার জনগণের হাতে যদি নিঃশ্বাসত্যাগ করে, তবে আমাদের দায়ী করবেন না।’