গণজাগরণ মঞ্চের দ্বিতীয় বর্ষ পূর্তির আগের দিন মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের দ্বিতীয় বর্ষপূর্তির আগের দিন গতকাল বুধবার রাজধানীর শাহবাগে বিবাদে জড়িয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও গণজাগরণ মঞ্চের একটি অংশ। আজ ৫ ফেব্রুয়ারি মঞ্চের দুটি অংশেরই বর্ষপূর্তির কর্মসূচি রয়েছে।
যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বিভক্তি প্রকাশ্যে দেখা দেয় গত বছরের ৩ এপ্রিল। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের পক্ষে একটি অংশের বাইরেও কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে গড়ে ওঠে আরেকটি অংশ। দুটি অংশেই রয়েছে বিভিন্ন ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ছাত্র ফেডারেশন ইমরান এইচ সরকারের অংশের একটি ছাত্রসংগঠন।
ফেডারেশন অভিযোগ করেছে, গতকাল সন্ধ্যায় যুদ্ধাপরাধীদের বিচার ও স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে তাঁদের বিক্ষোভ সমাবেশে ‘কতিপয় দুর্বৃত্ত’ অতর্কিতে হামলা করেছে।
বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের দ্বিতীয় ফটকে ফেডারেশনের সমাবেশ ও মশাল মিছিল ছিল। সন্ধ্যায় সংগঠনটির দপ্তর সম্পাদক কাঁকন বিশ্বাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের সমাবেশে হামলার নিন্দা এবং হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন।
ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক বলেন, ‘আমাদের সমাবেশের পেছনে মশাল মিছিল করার জন্য মশালগুলো প্রস্তুত করা হচ্ছিল। একপর্যায়ে গণজাগরণ মঞ্চের কামাল পাশা চৌধুরী অংশের একটি ছেলে এসে একটি মশাল নিয়ে চলে যায়। পরে আমাদের ঢাকা নগর শাখা কমিটির সদস্য অলিউল ইসলামকে ওই মশালটি আনতে পাঠালে তাঁকে আটকে রেখে মারধর করে ওরা। পরে আরও কয়েকজন তাঁকে ছাড়াতে গেলে তাঁদেরকেও মারধর করা হয়।’
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, হামলায় তাঁদের অন্তত সাতজন আহত হয়েছেন।
কাউকে চিনতে পেরেছেন কি না জানতে চাইলে ওই অংশের সংগঠক এফ এম শাহীন, কর্মী রুদ্রের নাম বলেন। সৈকত মল্লিক বলেন, ‘আমরা ঝামেলা না করে সমাবেশ শেষ করে মশাল মিছিল করে চলে এসেছি। কিন্তু এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশে হামলা করতে পারে, তারা বিচার চায় না।’