গণজাগরণ মঞ্চের মিছিল থেকে চাপাতিসহ দুই তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে গতকাল বুধবার সন্ধ্যায় দুটি চাপাতিসহ দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন আবদুল্লাহ (১৮) ও জুয়েল রানা (১৮)।
থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মীরা কামারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া আপিল বিভাগের রায় কার্যকরের দাবিতে মিছিল করছিলেন। সন্দেহ হওয়ায় গণজাগরণ মঞ্চের কর্মীরা মিছিল থেকে একটি ব্যাগসহ আবদুল্লাহ ও সোহেলকে আটক করেন। পরে তাঁদের শাহবাগ থানার পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ ব্যাগ তল্লাশি করে দুটি চাপাতি উদ্ধার করে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, ‘মিছিল শুরুর আগেই ওই দুই যুবক ঘোরাফেরা করছিল। মিছিল শুরু হলে যুবকেরা মিছিলের পেছন থেকে আমার দিকে এগোচ্ছিল। এ সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা তাদের ধরে ফেলেন।’
শাহবাগ থানার এসআই সোহেল রানা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে।