গণজাগরণ মঞ্চের মিছিলের কাছে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিলের অদূরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
গতকাল রোববার বেলা পৌনে একটার দিকে নগরের কে সি দে সড়কে এ ঘটনা ঘটে। এ সময় মিছিলটি ককটেল বিস্ফোরণের স্থান থেকে ১০ গজ দূরে ছিল।
ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. রফিক নামে এক রিকশাচালক আহত হন। তাঁকে নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, জামায়াতের নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় ঘোষিত হওয়ার পর গণজাগরণ মঞ্চের কর্মীরা নগরের চেরাগী পাহাড় থেকে মিছিল বের করেন।
এর আগে সকাল থেকে কর্মীরা চেরাগী পাহাড় এলাকায় জমায়েত হন। মিছিলটি আন্দরকিল্লা হয়ে ডালিম হোটেলের পাশ দিয়ে বেলা পৌনে একটার দিকে কে সি দে সড়কে পৌঁছে। এ সময় মিছিলের ১০ গজ সামনে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শী গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, মিছিল থেকে কিছু দূরে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় একজন রিকশাচালক আহত হন। রিকশার দুই আরোহী লাফ দিয়ে নেমে যান।
তবে কোথা থেকে কীভাবে ককটেলটি বিস্ফোরিত হয়েছে, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়। তারা সেখানে তল্লাশি চালায়।
পরে গণজাগরণ মঞ্চের কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে পৌঁছেন। এর আগে মিছিলকারীরা মীর কাসেমের নির্যাতন সেল ডালিম হোটেলের সামনে সমাবেশ করেন। তাঁরা ডালিম হোটেলকে যুদ্ধকালীন স্মৃতি হিসেবে সংরক্ষণের দাবি জানান।
বক্তারা বলেন, ‘ডালিম ভবন আজ ইতিহাসের সাক্ষী। এই ভবনে অনেক মুক্তিযোদ্ধার রক্ত ঝরেছে। নির্যাতনে এখানে মৃত্যুবরণ করেছে অনেক যোদ্ধা। তাই ভবনটি স্মৃতি সংগ্রহশালা হিসেবে সংরক্ষণ করা হোক।’
সমাবেশে বক্তব্য দেন উদীচীর সহসভাপতি চন্দন দাশ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, প্রমার সভাপতি রাশেদ হাসান, উদীচীর সাধারণ সম্পাদক সুনীল ধর প্রমুখ।