গণতন্ত্রের লেবাসে চলছে স্বৈরতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পতিত স্বৈরশাসক এরশাদ ও একদলীয় বাকশালি চেতনার দল দেশের গণতন্ত্রকে শিকলে বন্দী করেছে। গণতন্ত্র আজ নির্বাসিত। গণতন্ত্রের লেবাসে চলছে স্বৈরতন্ত্র।’

গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এ কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ নয় বছর আন্দোলন-সংগ্রামের পর পতন হয়েছিল স্বৈরশাসক এরশাদের। তাই ৬ ডিসেম্বর এক অবিস্মরণীয় দিন। তিনি আরও বলেন, একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে নব্য স্বৈরাচারী সরকার এরশাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে সভা, সমাবেশ, শোভাযাত্রা সাংবিধানিক অধিকার। কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকার জন্য রাজপথে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। গুম, হত্যা, নির্যাতন-নিপীড়ন করেছে। হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

আলোচনা সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, এই অবৈধ সরকার স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করছে। দেশের প্রতিষ্ঠিত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আজকে কোনো মানুষের বাক্‌স্বাধীনতা নেই। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে এ দেশের গণতন্ত্রকামী মানুষ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এস এম সাইফুল আলম প্রমুখ।