গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি খোকা শিকদার (২৫) ও তাঁর সহযোগী এলাহী হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গতকাল শুক্রবার ভোরে কালকিনি উপজেলার মোল্লারহাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বলেন, ঢাকা থেকে লঞ্চে করে মাদারীপুরে আসছিলেন গণধর্ষণ মামলার ওই দুই আসামি। এমন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার মোল্লারহাট এলাকায় লঞ্চটি থামালে সেখানে অভিযান চালায় র‍্যাব। পরে আলাদা দুটি কেবিন থেকে খোকা শিকদার ও এলাহী হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। কেবিন দুটি থেকে যৌন উত্তেজক ওষুধ, কনডম, বেশ কিছু নেশাজাত দ্রব্যও উদ্ধার করা হয়েছে। এরপর সকালে কালকিনি থানা-পুলিশের কাছে গ্রেপ্তার আসামিদের হস্তান্তর করে র‍্যাব।

গত ১২ মার্চ কালকিনির রমজানপুরের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে পরিত্যক্ত একটি ভবনে আটকে রেখে গণধর্ষণ করে খোকা শিকদারসহ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ১৬ মার্চ কালকিনি থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে একটি গণধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।