গণধর্ষণের শিকার দুই পোশাকশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুটি গণধর্ষণের ঘটনা ঘটেছে। দুটি ঘটনারই শিকার দুজন পোশাকশ্রমিক। এর মধ্যে একজনকে তাঁর স্বামী ধর্ষণকারীদের হাতে তুলে দেন বলে অভিযোগ।
রূপগঞ্জে গণধর্ষণের ঘটনায় গতকাল মঙ্গলবার রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গত রোববার রাতে হাত-পা, চোখ ও মুখ বেঁধে ওই নারীকে ধর্ষণ করা হয়। তাঁকে ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই পোশাকশ্রমিক (১৯) গত মাসে উপজেলার গোলাকান্দাইল নীলভিটা এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন। বাড়িটির মালিক জানান, তাঁর বাসায় ওঠার পর থেকেই নারী শ্রমিককে স্থানীয় বখাটে যুবক মাজহারুল উত্ত্যক্ত করা শুরু করেন। এ ঘটনায় তিনি ইউপি সদস্য জামাল হোসেনের কাছে নালিশও করেন। রোববার রাত আড়াইটার দিকে ওই শ্রমিকের ঘরে প্রচণ্ড শব্দ শুনে তাঁর ঘুম ভাঙে। তৎক্ষণাৎ তিনি ওই ঘরে গিয়ে অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে পরে দরজা ভেঙে স্ত্রীসহ তিনি ভেতরে ঢোকেন। এ সময় ওই নারী শ্রমিককে হাত, পা, চোখ ও মুখ বাঁধা ও বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। তখন তাঁর জ্ঞান ছিল না। পরে জ্ঞান ফিরলে গণধর্ষণের বিষয়টি তাঁর স্ত্রীকে জানান তিনি। চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, মাজহারুল পলাতক থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারছে না। এ ঘটনায় মাজহারসহ চারজনকে আসামি করে মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে গতকাল মঙ্গলবার বিকেলে ওই নারী হাসপাতাল ছেড়েছেন।
গাজীপুরে গণধর্ষণের ঘটনা ঘটেছে শ্রীপুরের তেলিহাটী ইউনিয়নের ছাতির বাজার শিশুপল্লি এলাকায় সোমবার রাতে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ফারুক হোসেন (৪০) ও মো. রুবেল মিয়া (২৬)।
ভুক্তভোগী নারী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর তানোর উপজেলায় নোয়াখালীর চাটখিল উপজেলায় ওই নারীর বিয়ে হয়েছে। তাঁর স্বামী টঙ্গী এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালান। আর তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার সন্ধ্যায় তিনি খবর পান, তাঁর স্বামী অপরিচিত দুটি মেয়েসহ কয়েকজন যুবককে নিয়ে ছাতির বাজার এলাকার দিকে যাচ্ছেন। পরে তিনি স্বামীর সন্ধানে পেছন ছোটেন। শ্রীপুর শিশুপল্লি এলাকায় গিয়ে স্বামীর সাক্ষাৎ পান। সেখানে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর স্বামীর সঙ্গে আসা এক যুবক তাঁকে বেদম মারধর শুরু করেন। এ সময় তাঁর স্বামী কৌশলে পালিয়ে যান। তখন রুবেল মিয়া নামের এক অটোরিকশাচালক তাঁকে এমসি বাজার পৌঁছে দেওয়ার কথা বলে তাঁর গাড়িতে তুলে একটি সেতুর কাছে নিয়ে যান। ইতিমধ্যে রুবেল বেশ কয়েকবার মুঠোফোনে কথা বলেন। কিছুক্ষণ পর আট যুবক সেখানে উপস্থিত হয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলেন। এরপর রুবেলসহ ছয়জন ধর্ষণ করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি রুবেল ছাড়া অন্য কাউকে চিনতে পারেননি। পরে জ্ঞান ফিরলে স্থানীয় একজনের সহযোগিতায় তিনি বাসায় ফেরেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ব্যক্তিরা রুবেলকে খুঁজে বের করে পুলিশে দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।