গণপরিবহন ও জনপরিসরে থেমে নেই ধূমপান
রাজধানীর খামারবাড়ি সিগন্যালে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যানজটে আটকে ছিল শতাধিক যানবাহন। গাবতলী থেকে আসা ২২/এ রুটের এক মিনিবাসের চালক সিটে বসে সিগারেট ফুঁকছিলেন। ওই চালকেরই সহকারী সিগারেট টানছিলেন পাদানিতে দাঁড়িয়ে। দুই দিক থেকে আসা সিগারেটের ধোঁয়া থেকে রক্ষা পেতে সামনের কয়েকজন নারী নাকে কাপড় চেপে বসেছিলেন।
এই মিনিবাসের চালক-সহকারীর মতো এখনো অনেকে গণপরিবহনে কিংবা জনপরিসরে (পাবলিক প্লেস) ধূমপান করেন। অথচ এ বছরের ১২ মার্চ পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ বিধিমালা, ২০১৫ অনুযায়ী জনপরিসর ও গণপরিবহনে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ।
ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণের লক্ষ্যে ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ পাস হয়। ২০০৬ সালে প্রণীত হয় এ-সংক্রান্ত বিধিমালা।
কিছু কিছু দুর্বলতার কারণে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনটি কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ২০১৩ সালের মে মাসে আইনটি সংশোধিত আকারে পাস করা হয়। সংশোধিত আইন পাসের ২২ মাস পর সংশোধিত আইনের আলোকে প্রণীত বিধিমালাটি গত ১২ মার্চ পাস হয়েছে। এর আগে বলা হতো, বিধিমালার অভাবে আইনটি প্রয়োগ বা বাস্তবায়ন করা যাচ্ছে না।
নতুন বিধিমালায় নারী, শিশুসহ সব অধূমপায়ীকে পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষায় বিধান রাখা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, রেস্তোরাঁ, অফিস-আদালত, আচ্ছাদিত কর্মস্থলসহ সব পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে অনধিক ৩০০ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া পাবলিক প্লেস বা গণপরিবহনের এক বা একাধিক জায়গায় ‘ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ’-সংবলিত সতর্কতামূলক নোটিশ বাংলা এবং ইংরেজি ভাষায় প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধারা লঙ্ঘন করলে জরিমানার বিধান রাখা হয়েছে।
তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য সরকারি-বেসরকারি প্রচারের প্রয়োজন আছে। আইন যে প্রয়োগ হচ্ছে না তা নয়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। তবে প্রচারের অভাবে পুরোপুরি হচ্ছে না।’
তামাক নিয়ন্ত্রণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বাড়াতে কাজ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, ‘আইন বাস্তবায়নে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা নিজেরাই এ বিষয়ে সচেতন নন এবং বাস্তবায়নের ক্ষেত্রে তাঁদের সদিচ্ছার অভাব রয়েছে। আইনের কাঙ্ক্ষিত সুফল পেতে হলে জনসচেতনতাও বাড়াতে হবে।’
গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০০৯ অনুযায়ী, বাংলাদেশে ১৫ বছরের বেশ বয়সী ৪ কোটি ১৩ লাখ মানুষ তামাক সেবন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে মারা যায় ৫৭ হাজার মানুষ। পঙ্গুত্ববরণ করে আরও ৩ লাখ ৮২ হাজার মানুষ।