গণপরিবহনে এখনো অতিরিক্ত ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গণপরিবহনে এখনো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কিছু পদক্ষেপের কারণে পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে।

রাজধানীর কয়েকটি স্থানে গতকাল বৃহস্পতিবার সরেজমিন ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে এই চিত্র দেখেছেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী ও একাধিক পরিবেশ সংগঠনের কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট, মহাখালী ও বনানী এলাকায় প্রায় ৯০টি বাসের যাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি ও তাঁর সঙ্গে যাওয়া স্বেচ্ছাসেবক দল। এ সময় অনেক যাত্রী বলেছেন বেশি ভাড়া আদায় করা হচ্ছে। আবার কেউ কেউ বলেছেন, সঠিক ভাড়া নিচ্ছেন। কেউ কেউ বলেছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পুলিশের পদক্ষেপের কারণে বেশি ভাড়া নেওয়ার প্রবণতা কমছে। তিনি বলেন, কোনো কোনো বাসে বেশি নেওয়ার সময় তাঁরা বাড়তি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন। বনানী এলাকায় তাঁরা দেখতে পেয়েছেন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। সেখানে জানতে পারেন ভ্রাম্যমাণ আদালত ভাড়ার তালিকা প্রকাশ না করাসহ বিভিন্ন কারণে প্রায় ১৮ হাজার টাকা জরিমানা করেছেন এবং কয়েকটি মামলা করেছেন। বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গেও তাঁর
দেখা হয়েছে। তিনিও এসব বিষয় তদারক করছিলেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা আরও বাড়ানো উচিত। তাঁরা আবারও সরেজমিন ঘুরবেন বলে জানান তিনি।

 মানববন্ধন: এদিকে যাত্রী হয়রানি ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ আটটি সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবহন মালিক ও শ্রমিকেরা যাত্রীদের জিম্মি করে রীতিমতো জোরপূর্বক সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কয়েক গুণ ভাড়া আদায় করছেন। বাস ও মিনিবাসে সরকার-নির্ধারিত ভাড়ার তালিকা নেই। বিভিন্ন পরিবহন কোম্পানির পক্ষ থেকে দূরত্ব বাড়িয়ে ভাড়ার তালিকা টাঙানোর অভিযোগ রয়েছে।