প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত বুধবার সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। পুলিশ জানায়, ওই দিন রাত আটটার দিকে সরাইল বিশ্বরোড মোড় থেকে ভৈরব যেতে একটি অটোরিকশা ভাড়া করে ওই ছিনতাইকারীরা। অটোরিকশাটি বেড়তলা বাসস্ট্যান্ড অতিক্রমের সময় চালক সোহেল মিয়ার নাকে-মুখে অচেতন পদার্থ স্প্রে করে চক্রটি। পরে চক্রটি চালককে মহাসড়কের পাশে ফেলে দেয়। বিষয়টি পেছনে থাকা একটি মাইক্রোবাসচালক ও যাত্রীরা দেখে ফেলেন। পরে তাঁরা ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাটি আটক করেন। এ সময় জনতা রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আলমগীর হোসেন, শাহাদৎ হোসেন ও নজরুল ইসলামকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।