গণপিটুনি ও শ্বাসরোধে দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল শনিবার ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক তরুণের মৃত্যু হয়েছে। একই উপজেলায় গত শুক্রবার এক রিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন কারখানা থেকে শ্রমিকেরা গতকাল ভোরে সেহ্রি খাওয়ার জন্য বাসায় যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় পৌঁছালে ছয়-সাতজন ছিনতাইকারী তিনজন নারী শ্রমিকের গতিরোধ করে। তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের গজারি বনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় তাঁদের চিৎকারে আশপাশের শ্রমিক ও লোকজন এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন (২৫) মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি। অন্য দুই ছিনতাইকারী নাছির হোসেন (২৮) ও মোফাজ্জল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে উপজেলার মাঝুখান এলাকায় শুক্রবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা এক যুবকের (২০) গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মাঝুখান সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। গতকাল শনিবার সকালে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা যায়, এলাকার লোকজন ওই যুবককে রিকশা চালাতে দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে রিকশা লুট করে নিয়ে গেছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, দুটি ঘটনায় কালিয়াকৈর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গতকাল শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।