গণপিটুনি নয়, দুজনকে হত্যা করা হয় পরিকল্পিতভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই ব্যক্তিকে গণপিটুনিতে নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার করার দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২ মার্চ প্রথম আলোয় ‘নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে গণিপটুনিতে নিহত ২’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ স্মারকলিপিটি নেন। নিহত ওই ব্যক্তিদের নাম মো. এনামুল হক (৪৫) ও মো. ইয়াছিন মিয়া (৪০)। ইয়াছিন মিয়ার মেয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে এ স্মারকলিপিটি দেয়।
স্মারকলিপিতে বলা হয়, এনামুল ও ইয়াছিন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে গণপিটুনি বলে চালিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এনামুলের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ২৬ জনকে আসামি করে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেছেন। মামলায় সাতমোড়া ইউনিয়ন পরিষদের (ইউিপ) চেয়ারম্যান মো. মাসুদ রানা, সাবেক ইউপি সদস্য সেন্টু মিয়াসহ ২৬ জনকে আসামি করা হয়।
এনামুল রসুল্লাহবাদ ইউনিয়নের রসুল্লাহবাদ গ্রামের বাসিন্দা ও ইয়াছিন শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামে থাকেন। তাঁরা পরস্পর আত্মীয়।
এনামুলের স্ত্রী তাসলিমা বেগমের অভিযোগ, হত্যাকাণ্ডের ১৮-২০ দিন আগে তাঁর স্বামীর মোটরসাইকেলটি বাড়ির সামনে থেকে চুরি হয়। চুরি হওয়া সেই মোটরসাইকেলটি সেন্টু মিয়ার ভাই কামাল মিয়া ও তাঁর বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে বিক্রি করে দেন। রসুল্লাহবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর ও সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ বিষয়টি মীমাংসার জন্য সেন্টু মিয়াকে দায়িত্ব দেন। ইয়াছিনের মেয়ে জান্নাতুল নাঈমা বলে, সাতমোড়া ইউপির চেয়ারম্যান ১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এনামুলকে সেন্টু মিয়ার বাড়িতে যেতে বলেন। এ সময় এনামুলের সঙ্গে তাঁর বাবাও ছিলেন। সেখানেই সেন্টু মিয়া ও কামাল মিয়া তাঁদের পরিকল্পিতভাবে হত্যা করেন। পরে ডাকাতি ও গণপিটুনির ঘটনা সাজানো হয়।
সাতমোড়া ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ২৮ ফেব্রুয়ারি বিকেলে মোটরসাইকেল চুরির বিষয়টি কামাল তাঁকে বলেন। পরে বিষয়টি যাচাই করার জন্য সেন্টু মিয়াকে দায়িত্ব দেন। পরের ঘটনা তিনি জানেন না। তাঁর সঙ্গে আর কারও কোনো কথা বা যোগাযোগ হয়নি।
মুঠোফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও জগন্নাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সেন্টু মিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি।