যশোরে পিটুনির শিকার আরেক ছাত্রের মৃত্যু, দুই মামলা
যশোরে পিটুনিতে আহত চিকিৎসাধীন কামরুল হাসান (২২) নামে আরেক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় মারা যান আরেক ছাত্র মো. হাবিবুল্লাহ (২২)। এ নিয়ে পিটুনিতে তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হলো। আহত অপরজন আল-মামুন (২১) যশোর জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত কামরুল যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদড়া গ্রামের মোহম্মদ উল্লাহর ছেলে আর মো. হাবিবুল্লাহ শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে। তারা দুজনই এমএম কলেজের অর্থনীতি বিভাগের সম্মান তৃতীয় বর্ষে ছাত্র ছিলেন। আহত অপরজন মামুন অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি একই কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা ও অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে করা হয়েছে। হত্যা মামলার বাদী হয়েছেন উপপরিদর্শক শাহাবুল ইসলাম। মামলার এজাহারে অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা করেন এসআই নাসিরউদ্দিন। এ মামলায় জনতা ছাত্রাবাসের ১৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া আহত মামুনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পিটুনির শিকার তিনজনকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী দাবি করে শিবিরের যশোর নগর কমিটির সভাপতি মো. আজাহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এমএম কলেজ ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল ওরফে শাহীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তিনটি ছাত্রাবাস থেকে হাবিবুল্লাহ, কামরুল ও মামুনকে ধরে আসাদ হলের ২০১ নম্বর কক্ষে নিয়ে নির্যাতন করে। ঘটনাটি জানালে পুলিশ ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন আসাদ হল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বা ছাত্রলীগের কেউ অন্য কাউকে ধরে আসাদ হলে নিয়ে নির্যাতন করিনি। তবে আমার জানা মতে, তাঁরা ছাত্রাবাসে থেকে নাশকতার পরিকল্পনা করতে বৈঠক করত। এ জন্য সাধারণ ছাত্ররা গণপিটুনি দিয়ে তাদের পুলিশের কাছে তুলে দিয়েছে।’ আর আসাদ হল থেকে নয়, হলের পাশ থেকে পুলিশ তাঁদের নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।
হাসপাতালের চিকিৎসাধীন আল মামুন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন রেলগেট এলাকার জনতা ছাত্রাবাস থেকে আমাকে, নির্ঝর ছাত্রাবাস থেকে কামরুলকে আর আশিক ভিলা ছাত্রাবাস থেকে হাবিবুল্লাহকে ধরে আসাদ হলে নিয়ে যায়। সেখানে আমাকে আলাদা ঘরে নিয়ে নির্যাতন করে। আমি অচেতন হয়ে পড়ি। আর কিছুই বলতে পারি না। কামরুল আর হাবিবুল্লাহের কী হয়েছিল, তা আমি জানি না।’
এই তিনজন ছাত্রশিবিরের রাজনীতি করেন কি না, জানতে চাইলে মামুন বলেন, ‘আমি শিবির করি না। তবে যে ছাত্রাবাসে উঠেছিলাম সেটি ছিল শিবিরের সাংগঠনিক ছাত্রাবাস। আমি ওই ছাত্রাবাসের নতুন সদস্য। আমি জানতাম না যে ওটি শিবিরের নিয়ন্ত্রণাধীন। হাবিবুল্লাহ ও কামরুল শিবিরকর্মী ছিলেন। যে কারণে তারা মাঝেমধ্যে আমাদের ছাত্রাবাসে আসতেন।’
ছাত্রলীগের নেতারা তিন ছাত্রকে ধরে নিয়ে নির্যাতন করার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না। মামলা হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে।’ তবে এমএম কলেজ ক্যাম্পাসের আসাদ হলের সামনে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি স্বীকার করেছেন।
মামলার ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বলেন, ‘নিহত-আহত তিনজনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। মামুনের ছাত্রাবাস থেকে একটি বোমা ও জেহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে। যে কারণে হত্যা মামলার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামুনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’