গণপিটুনিতে আহত চার নারীসহ ১০ জন
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকায় গতকাল শনিবার বিকেলে প্রায় একই সময়ে গণপিটুনিতে আহত হয়েছেন চার নারীসহ ১০ জন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, মারধরের শিকার ব্যক্তিরা অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী দলের সদস্য।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় স্থানীয় লোকজন চারজন নারী ও দুজন পুরুষকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম, আনোয়ারা বেগম, ময়না বেগম, আয়মন বেগম ও তাসলিমা।
পুলিশ জানায়, ওই ছয়জন অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তাঁরা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বাড়িওয়ালার সঙ্গে সখ্য তৈরি করেন। কিছুদিন পর কিছু খাইয়ে মালামাল নিয়ে সটকে পড়েন। ১০ সেপ্টেম্বর মাতুয়াইলের কোনাপাড়া এলাকার এক বাসায় এমন ঘটনা ঘটিয়েছিলেন তাঁরা। গতকাল মাতুয়াইল বাজারসংলগ্ন স্থানীয় কয়েকজন তাঁদের চিনে ফেলেন। পরে তাঁদের গণপিটুনি দেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, ওই ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হবে।
এদিকে প্রায় একই সময়ে কদমতলী থানার ঢাকা ম্যাচ এলাকায় গণপিটুনিতে চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জসীম ও মো. মাহবুব।
ওই চারজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকা ম্যাচ এলাকার একটি কারখানা থেকে ফ্যান চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তাঁদের ধরে গণপিটুনি দেন। পরে তাঁদের পুলিশের সোপর্দ করা হয়। আটক চারজন ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত। আটক সুমন ও রুবেলের বিরুদ্ধে ছিনতাই ও চুরির অভিযোগে কদমতলী থানায় একাধিক মামলা আছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।