গণপিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত সিদ্দিকুর রহমানের (৪০) মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত তিনটার দিকে উপজেলার টগরা গ্রামের নাসির হাওলাদারের ঘরে সিঁধ কেটে তিন চোর ভেতরে ঢোকে। গৃহকর্তা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার দিলে চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসীর তাড়া খেয়ে সিদ্দিকুর গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। এরপর গ্রামবাসী তাঁকে মারধর করে। তবে বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ আহত সিদ্দিকুরকে অচেতন অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। গত রোববার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। সিদ্দিকুর রহমানের বাড়ি বরগুনার বেতাগি উপজেলার রানীপুর গ্রামে।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় গতকাল পুলিশ অজ্ঞাতনামা ২০০ গ্রামবাসীর নামে হত্যা মামলা করেছে।