গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ফুটবল খেলায় গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করা যুবক নুরুল ইসলাম (২৮) মারা গেছেন।
এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ। তিনি বলেন, গণপিটুনির শিকার মারাত্মক আহত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল।
নিহত যুবকের ছোট ভাই সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে হ্নীলা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল হোসেনের নেতৃত্বে আমার ভাইকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে জামাল আমার বড় ভাইকে মারধর করে অস্ত্রসহ আটকের নাটক সাজিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল।
এ ব্যাপারে জামাল হোসেনে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীতে ফুটবল খেলার সময় কামাল হোসেনের সঙ্গে একই এলাকার নুরুল ইসলামের কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনাটি ঘটে। কিছুক্ষণ পরে নুরুল ইসলাম অস্ত্রশস্ত্র নিয়ে এসে কয়েকটি ছোড়ে। এ সময় লোকজন তাঁকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে ঘটনার পেয়ে টেকনাফ থানার পুলিশের এসআই মুফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি এলজিসহ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওসি আবদুল মজিদ বলেন, পুলিশ পাহারায় নুরুল ইসলাম কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বিরুদ্ধে টেকনাফ ও রামু থানায় তিনটি মামলা রয়েছে। ওসি বলেন, গণপিটুনিতে মারা যাওয়া নুরুল ইসলামের পরিবার এখন পর্যন্ত থানায় আসেনি। এলে মামলা করা হবে।