গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে গত রোববার দিবাগত রাতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকানের দেয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল ডাকাত। এ সময় বাজারের নিরাপত্তাপ্রহরী মোস্তফা হাওলাদার ঘটনা দেখে ফেললে তাঁকে মারধর করে ডাকাতেরা। মোস্তফার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। ডাকাত দলের বাকি সদস্যরা পালাতে সক্ষম হলেও একজনকে আটক করে লোকজন পিটুনি দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।